বর্ষবরণে নারী লাঞ্ছনা, গ্রেপ্তার যুবক দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিডিও ফুটেজ দেখে এ আটজনকে বর্ষবরণে নারী লাঞ্ছনাকারী হিসেবে শনাক্ত করে পুলিশ। ছবিটি পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা।
ভিডিও ফুটেজ দেখে এ আটজনকে বর্ষবরণে নারী লাঞ্ছনাকারী হিসেবে শনাক্ত করে পুলিশ। ছবিটি পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা।

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণ উৎসবে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার মো. কামালকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারপর সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আসামি কামালকে দুই দিনের রিমান্ড আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার হাজি দেওয়ান প্রথম লেনে অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করে ডিবি। ডিবি জানায়, কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দিনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বছর ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ উৎসব চলাকালে নারী লাঞ্ছনার ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে ঘটনার পর শাহবাগ থাকায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়। পুলিশ সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত মোট আটজনকে শনাক্ত করে। এদের ছবিও প্রকাশ করা হয়। ধরিয়ে দিতে প্রত্যেকের ক্ষেত্রে এক লাখ পুরস্কারও ঘোষণা করা হয়। কিন্তু ঘটনার প্রায় ৯ মাস পর প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো।
অবশ্য কাউকে গ্রেপ্তার করতে না পারায় এই মামলার চূড়ান্ত প্রতিবেদন সম্প্রতি আদালতে জমা দেওয়া হয়েছে।