ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬: পঞ্চম ধাপের ভোট গ্রহণ
বলরামপুরে চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে হত্যা

তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. কামাল উদ্দিনকে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার ইউপি নির্বাচনের পঞ্চম দফা ভোট শেষ হওয়ার ঘণ্টা খানেক আগে তিনি নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে নির্মমভাবে খুন হন। সারা দিন তিতাস ও নাঙ্গলকোট উপজেলার অন্তত ৬০টি কেন্দ্রের বাইরে সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হলো জেলার এবারকার ভোট পর্ব।
গতকাল ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত নাঙ্গলকোট, হোমনা, মেঘনা, তিতাস ও বুড়িচং উপজেলার নির্বাচনী এলাকাগুলো ঘুরে দেখা যায়, দিনের অর্ধেক না যেতেই ভোটকেন্দ্র ফাঁকা হয়ে পড়ে। সকালের ভারী বৃষ্টি, কেন্দ্রের বাইরের সংঘর্ষ এবং চেয়ারম্যান পদে ভোট দেওয়ার সুযোগ পাওয়া নিয়ে সংশয়ের কারণে কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল। বিশেষ করে সুষ্ঠু ভোট নিয়ে যে সংশয় ছিল, প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থীকে খুন, ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ ও এর জেরে বিভিন্ন জায়গায় সাময়িক ভোট স্থগিতের মধ্য দিয়ে এই আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হলো।
গতকাল যেসব কেন্দ্রের বাইরে সংঘর্ষ হয়েছে সেগুলো পাঁচ উপজেলার ৩৪টি ইউনিয়নের ৩১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২৫৫টি কেন্দ্রের অন্যতম। ওই দিন নাঙ্গলকোটের ৬টি, হোমনার ৯টি, মেঘনার ৮টি, তিতাসের ৯টি, বুড়িচংয়ের ২টিসহ ৩৪টি ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হয় ৩১৮টি ভোটকেন্দ্রে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বেলা তিনটায় তিতাস উপজেলার নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান বলরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. কামাল উদ্দিন। এ সময় তাঁকে লাঞ্ছিত করেন বিএনপির মনোনীত প্রার্থী মো. তোফায়েল আহাম্মদ ভূঞা ও তাঁর অনুসারীরা। তখন কামাল উদ্দিন তাঁর পিস্তল থেকে দুইটি ফাঁকা গুলি ছোড়েন। এরপর বিএনপি প্রার্থীর সমর্থকেরা তাঁকে রামদা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত কামাল উদ্দিনের বড় ভাই মোজাম্মেল হক দাবি করেন, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহাম্মদ ভূঞা, তিতাস উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব-২ আবদুল মতিনের নির্দেশে কামাল উদ্দিনকে হত্যা করা হয়েছে। নাগেরচর ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই আবদুর আউয়াল সরকার বলেন, কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে।
তিতাস থানার ওসি আ স ম আবদুন নূর বলেন, নিহত ব্যক্তির মাথার ডান পাশে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া পিঠে তিনটি, বুকে তিনটি ও নাভির নিচে টেঁটার আঘাতের তিনটি চিহ্ন আছে।
খণ্ডচিত্র তিতাস: স্থানীয় লোকজন জানান, কড়িকান্দি ইউনিয়নের ইভা কিন্ডারগার্টেন ভোটকেন্দ্রে দুপুর ১২টার পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়ার নেতৃত্বে একদল লোক কেন্দ্রে ঢুকে জোর করে ব্যালটে নৌকা প্রতীকে সিল মারেন। এ সময় আতঙ্কিত নির্বাচনী কর্মকর্তারা প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই ঘণ্টা পর বেলা সোয়া দুইটায় আবার ভোট শুরু হলে ওই ব্যালট পেপারগুলো বাতিল করা হয়। ব্যালট পেপারে সিল মারার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহসীন ভূঁইয়া বলেন, বিষয়টি চেপে যান।
খণ্ডচিত্র নাঙ্গলকোট: সকাল আটটায় ভোট শুরুর ঘণ্টা খানেকের মধ্যে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের খবর পাওয়া যায়। এ সময় মক্তবপুর ইউনিয়নের টুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের বাইরে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে কেন্দ্রের আশপাশে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে নয়টার দিকে ওই কেন্দ্রের কাছে গিয়ে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে সংঘর্ষকারীদের সেখান থেকে হটিয়ে দেন।
সরেজমিনে বাঙ্গড্ডা ঘুরে জানা গেছে, ওই এলাকার ঝুঁকিপূর্ণ ৩২টি কেন্দ্রের অন্তত ২০টি কেন্দ্রের বাইরে সংঘর্ষ হয়েছে।
এদিকে নাঙ্গলকোট উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে ঢালুয়া, মৌকরা ও সাতবাড়িয়া—এই তিনটি ইউনিয়নে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীরা বেলা ১১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন। ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকায় তাঁরা ভোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। এসব স্থানে অন্তত ২০টি কেন্দ্রের বাইরে সংঘর্ষ হয়েছে।