বলাৎকারের শাস্তি দুই হাজার টাকা!
নয় বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। সালিসে দুই হাজার টাকা জরিমানা দিয়ে অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে ওই কিশোরকে। ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলায়।
বাগাতিপাড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার নয় বছরের এক শিশুকে তার বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ১৬ বছরের প্রতিবেশী এক কিশোর বলাৎকার করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে ফিরে শিশুটি ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। শিশুটির বাবা বাগাতিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে ওই কিশোরের অভিভাবক গ্রামের প্রভাবশালীদের শরণাপন্ন হন। বৃহস্পতিবার রাতে গ্রামে প্রভাবশালীরা সালিস বৈঠকের আয়োজন করেন। বৈঠকে তাঁরা ওই কিশোরকে দুই হাজার টাকা জরিমানা করেন।
নির্যাতিত শিশুটির চাচা মুঠোফোনে প্রথম আলোকে জানান, গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের অনুরোধে তাঁরা বিষয়টি মীমাংসা করতে বাধ্য হয়েছেন।
বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন জানান, ঘটনাটির প্রাথমিক তদন্ত করার দায়িত্ব ছিল তাঁর ওপর। তিনি তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন। কিন্তু উভয় পক্ষ গ্রাম্য সালিসে বিষয়টি মীমাংসা করে নিয়েছে। তিনি বলেন, ‘আইনের দৃষ্টিতে এটা আপসযোগ্য নয়। তবুও অভিযোগকারী মামলা চালাতে না চাইলে কিছু করার নেই।’