বসতঘরে আগুন, এক গৃহবধূর মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বনগ্রাম এলাকায় গত সোমবার রাতে বাড়িতে আগুন লেগে এক নারী দগ্ধ হয়ে মারা গেছেন। কেরোসিনের কুপিবাতি থেকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
দগ্ধ হয়ে মারা যাওয়া নারীর নাম জামিরন বেওয়া (৭৫)। তিনি বনগ্রামের জামাল উদ্দিন শেখের স্ত্রী।
উপজেলা ফায়ার সার্ভিস ও পরিবার সূত্র জানায়, গত সোমবার রাত নয়টার দিকে কুটিবাতির আগুন থেকে বসতঘরে আগুন ধরে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরে থাকা পক্ষাঘাতগ্রস্ত জামিরন বেওয়াকে উদ্ধার করতে না পারায় তিনি দগ্ধ হয়ে মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
জামিরন বেওয়ার ছেলে আরফান আলী শেখ বলেন, ‘মা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে ঘরে শুয়ে থাকতেন। রাতে কেরোসিনের বাতি থেকে কাপড়ে আগুন লেগে দগ্ধ হয়ে তিনি মারা গেছেন।’