বসতভিটার জমি নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতভিটার জমি নিয়ে বিরোধের জের ধরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শাহরাইল গ্রামে গতকাল বুধবার দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহরাইল গ্রামে বসতভিটার ৩১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবদুল কাদেরের সঙ্গে প্রতিবেশী শামসুল ইসলামের বিরোধ চলে আসছে। এ নিয়ে আবদুল কাদের আদালতে মামলাও করেছেন। গত মঙ্গলবার সকালে শামসুল বিরোধপূর্ণ ওই জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করলে কাদের বাধা দেন। পরে থানা-পুলিশকে খবর দেওয়া হয়। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেয়। বিষয়টি মীমাংসার জন্য আগামী সোমবার উভয় পক্ষকে থানায় ডাকা হয়। গতকাল সকালে ওই জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। সকাল সাতটার দিকে শামসুল হক ও তাঁর লোকজন ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে কাদেরের বাড়িতে হামলা করে। এ সময় কাদের ও তাঁর লোকজন পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের নারী, শিশুসহ ২০ জন আহত হয়। তাদের মধ্যে কাদেরসহ তাঁর পক্ষের আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।