বরগুনায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক নির্মাণ প্রকল্পের কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধাভোগী ব্যক্তিরা বলছেন, বাড়িতে ট্যাংক বসানোর জন্য তাঁদের টাকা দিতে হয়েছে। এ ছাড়া ট্যাংকের কাজও নিম্নমানের।
বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে সুসংহত কৃষি উৎপাদনশীলতা প্রকল্পে (আইএপিপি) এ কাজ শুরু করা হয়। প্রকল্পের আওতায় বরগুনা ও পটুয়াখালীতে সুপেয় পানির ব্যবস্থা করতে বৃষ্টির পানি ধরে রাখার জন্য এ ট্যাংক নির্মাণ করার সিদ্ধান্ত হয়। একে ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক’ বলা হয়। মাঠপর্যায়ে এ কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
প্রকল্পের আওতায় তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য সাড়ে ২০ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ১৫ ফুট প্রস্থের একটি টিনের ঘর নির্মাণ করে দেওয়া হবে। ঘরের নিচে একটি ট্যাংক বসানো হবে। আর ছাউনি থেকে বৃষ্টির পানি মোটা নলের সাহায্যে ওই ট্যাংকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হবে। প্রতিটি ঘর বানাতে কমপক্ষে ১ লাখ ১০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
বরগুনায় ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৩২৬টি ট্যাংক স্থাপনের কথা ছিল। কে কে এন্টারপ্রাইজ ও ব্রাদার্স ট্রেডিং এই কাজ পায়। কিন্তু বেশ কিছু এলাকায় কাজ শুরুই করতে পারেননি ঠিকাদারেরা।
কালমেঘা ইউনিয়ন ঘুরে দেখা যায়, ইউনিয়নের উত্তর ও দক্ষিণ প্রান্তের বাসিন্দারা ট্যাংক পেয়েছেন। মাঝখানের গোটা এলাকায় ৭৮টি ট্যাংকের ১০টিও দেওয়া হয়নি। কালমেঘা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে ১০০ গজ উত্তরে রাস্তার পাশে একটি ট্যাংক স্থাপন করা হয়েছে। সেখানে কোনো বসতি নেই। এলাকার বেশ কয়েক ব্যক্তি বলেন, মূলত সড়কের পাশের সরকারি ওই জমি দখলে নেওয়ার জন্য এই ট্যাংক বসানো হয়েছে।
ইউনিয়নের সুবিধাভোগী হাওয়া নূর, খাদিজা বেগম, খুশি আক্তার, মিনারা, মরিয়ম আক্তার বলেন, ট্যাংক বসানোর তালিকায় নাম ওঠানোর জন্য তাঁদের ১০ থেকে ১৬ হাজার টাকা করে ঘুষ দিতে হয়েছে। কালমেঘা গ্রামের বাসিন্দা মহসিন মিয়া বলেন, ‘স্যারেগো মুই পাঁচ হাজার টাকা দেতে চাইছি। কিন্তু হ্যারা বেশি টাকা লইয়্যা যাগো কল লাগে না হ্যাগো দেছে।’
তাঁরা আরও বলেন, প্রকল্পের শর্ত অনুযায়ী যেসব পরিবারে পুকুর বা গভীর নলকূপ রয়েছে, সেসব পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে না। কিন্তু ঘুষের বিনিময়ে নলকূপ কিংবা পুকুর আছে এমন একাধিক পরিবারকে ট্যাংক করে দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, তাঁদের কাছ থেকে সরাসরি টাকা চাওয়া হচ্ছে না। বিএডিসির বরগুনার সহকারী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাসের যোগসাজশে প্রকল্পের মাঠকর্মী (সিএফ) ও ঠিকাদারের লোকজন টাকা তুলছেন।
ইউনিয়নের কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ) অসিত চন্দ্র বলেন, ‘আমি কারও কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নিইনি। শুধু উপকারভোগীদের ব্যাংক হিসাব করার জন্য ২ হাজার ও খরচ বাবদ আরও ৫০০ টাকা নিয়েছি।’
একই অবস্থা পাথরঘাটা সদর ইউনিয়নেও। নিয়মানুযায়ী পৌর এলাকার বাসিন্দারা প্রকল্পের সুবিধার আওতায় আসবেন না। কিন্তু দেখা গেছে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সাবেক এক সাংসদের বাড়িতে ট্যাংক বরাদ্দ দেওয়া হয়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে আরও অন্তত ১০টি ট্যাংক বরাদ্দ দেওয়া হয়েছে।
সদর ইউনিয়নের হরিণঘাটা এলাকায় একই স্থানে অন্তত ১০টি ট্যাংক বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ট্যাংকের বিপরীতে প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৬ হাজার পর্যন্ত টাকা নেওয়া হয়েছে।
বিএডিসির সহকারী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস বলেন, মাঠপর্যায়ে কেউ দুর্নীতি করে থাকলে সেই দায়ভার তাঁর নয়। তা ছাড়া তাঁর নাম ভাঙিয়ে যদি কেউ ঘুষ নিলে তার দায়ভারও তিনি নেবেন না।
কালমেঘা ও পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ট্যাংক স্থাপনের জন্য নির্মিত ঘরের কাজ নিম্নমানের। আয়তন কমিয়ে সাড়ে ১৮ ফুট দৈর্ঘ্যের ও সাড়ে ১৩ ফুট প্রস্থের ঘর বানানো হচ্ছে। নিম্নমানের ইট ও রড ব্যবহার করায় পিলার তৈরির সময়ই অধিকাংশ পিলারে ফাটল ধরেছে। নির্মাণ শেষ হওয়ার পর সিমেন্ট দিয়ে এসব ফাটল ঢেকে দেওয়া হয়েছে।
পানির ট্যাংকের প্ল্যাটফর্ম নির্মাণের জন্য ইটের ওপর ঢালাই দেওয়ার কথা থাকলেও স্রেফ মাটির ওপর ঢালাই দেওয়া হয়েছে। ঘরের চালে ব্যবহৃত টিনও নিম্নমানের। লোহার অ্যাঙ্গেল দিয়ে ছাউনির কাঠামোর ওপর টিন আটকানোর কথা থাকলেও সেখানে কাঠ ব্যবহার করা হয়েছে। নকশা অনুযায়ী ট্যাংকের জন্য ঘরের মাটির নিচে দুই ফুট ঢালাই দিয়ে ভিত নির্মাণ করে এর ওপর আরসিসি পিলার নির্মাণ করার কথা থাকলেও ভিত নির্মাণে কোনো ঢালাই দেওয়া হয়নি।
ঠিকাদারি প্রতিষ্ঠান কে কে এন্টারপ্রাইজের মালিক কবীর হোসেন বলেন, তাঁরা বিএডিসির নিয়ম অনুযায়ী কাজ করছেন। তিনি ঢাকায় থাকেন। তাই কাজগুলো একজনকে ঠিকা দিয়েছেন। যাকে ঠিকা দেওয়া হয়েছে তিনি ঘুষ নিচ্ছেন কি না? এমন প্রশ্নে কবীর হোসেন বলেন, ‘আমিও তা শুনেছি। কাজ শেষ হওয়ার পর আমি উপকারভোগীদের কাছে গিয়ে তাঁদের লিখিত সম্মতি পাওয়ার পর যাকে ঠিকা দিয়েছি তাকে বিল দেব।’
নিম্নমানের কাজের বিষয়ে জানতে চাইলে বিএডিসির বরগুনা ও পটুয়াখালী জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, মাঠ পর্যায়ে কোনো দুর্নীতি হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আইএপিপির জেলা সমন্বয়কারী নজরুল ইসলাম সিকদার বলেন, মাঠপর্যায়ে ট্যাংক নির্মাণের ক্ষেত্রে ঘুষ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো অনিয়ম হয়ে থাকলে তিনি সেটা দেখবেন। পরে পরিদর্শন করে প্রকল্প পরিচালককে জানাবেন।