বসুন্ধরায় এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গতকাল রোববার এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 ওই শিশুর নাম মোছা. তাহমিনা (১৫)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরাবাদের চটিপাড়া গ্রামে। বাবার নাম মো. কফিল উদ্দিন। বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের, ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে ছয় মাস আগে কাজ করতে এসেছিল তাহমিনা।

ভাটারা থানার উপপরিদর্শক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, বাসাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক খন্দকার আসেফ সাফা কবিরের। সকাল ১০টার দিকে ঘুম থেকে উঠে তাঁরা মেয়েটির কক্ষের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে চাবি দিয়ে দরজা খোলেন। মেয়েটি তখন ফ্যানের সঙ্গে ঝুলছিল। এরপর অ্যাপোলো হাসপাতালে খবর দেওয়া হলে সেখান থেকে চিকিৎসক এসে মেয়েটির লাশ নিচে নামান। এরপর চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করে চলে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে।

খোরশেদ বলেন, সকাল সাড়ে আটটা থেকে দশটার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে জানতে খন্দকার আসেফ সাফা কবিরের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।