বস্তাবন্দী কিশোরীর লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁখি আকতার
আঁখি আকতার

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছ থেকে বস্তাবন্দী অবস্থায় পাওয়া নিহত কিশোরীর পরিচয় মিলেছে। তার নাম আঁখি আকতার। সে পল্লবীতে তার মামা-মামির সঙ্গে থাকত।

আজ রোববার ভোররাত সাড়ে চারটার দিকে এ লাশ উদ্ধার করে রেলওয়ে থানা-পুলিশ।

আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে তার মামা নুরুল ইসলাম ও মামি লাকি বেগম লাশটি শনাক্ত করেন। তাঁদের ভাষ্য, আঁখির বাবার নাম আরিফ হোসেন ও মা হাসনা হেনা। দুজনই মরিসাসপ্রবাসী। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনির আন্ধারচর গ্রামে। এক ভাই এক বোনের মধ্যে আঁখি ছিল বড়। সে পল্লবীর শহিদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী ছিল।

মামি লাকি বেগম বলেন, ‘গতকাল শনিবার বেলা ১১টায় কলেজের উদ্দেশে বের হয় আঁখি। কিন্তু রাত হয়ে গেলেও সে বাসায় ফেরেনি। তাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। পরে রাতে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ খোঁজাখুঁজি করতে করতে মর্গে এসে লাশ দেখে শনাক্ত করি।

এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক আনিছুর রহমান বলেন, ‘নুরুল ইসলাম ও লাকি বেগমের কাছ থেকে পাওয়া তথ্য আমরা যাচাই–বাছাই করছি। মিলে গেলে তাঁদের বুঝিয়ে দেওয়া হবে।’