বস্তাবন্দী শিশুসহ চার জেলায় চার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক পুকুর থেকে বস্তাবন্দী তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ, নেত্রকোনা ও মৌলভীবাজার থেকে এক নারীসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মীর সজীবের ছেলে রাব্বির (৩) বস্তাবন্দী লাশ গতকাল শনিবার দুপুরে উদ্ধার করা হয়েছে। গ্রামের মনাইবাড়ি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ছেলেসহ শিশুটির দূরসম্পর্কের এক চাচাকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, শিশুটি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল।
ময়মনসিংহ: ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের আনার মিয়ার বসতঘর থেকে গতকাল তাঁর স্ত্রী শরীফা আক্তারের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শরীফার পারিবারিক সূত্র জানায়, আনার মিয়া প্রায়ই শরীফাকে মারধর করতেন। গতকাল ভোরে বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় লাশটি ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এর পর থেকে আনার মিয়া ও তাঁর পরিবারের লোকজন পলাতক।
ভালুকা মডেল থানার ওসি গোলাম সারোয়ার বলেন, নিহত শরীফার ভাই শামছুল হক থানায় লিখিত অভিযোগ করেছেন।
নেত্রকোনা: মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের ঝিমটি গ্রাম থেকে গতকাল সকালে জুয়েল মিয়া (২৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গ্রামের আবদুল মন্নাফের ছেলে।
মোহনগঞ্জ থানার ওসি রমিজুল হক বলেন, জুয়েল মাদকাসক্ত ছিলেন। বড় ধরনের ঋণেও জড়িয়ে পড়েছিলেন তিনি। বাড়ির পেছনের একটি গাছের ডাল থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে আজির উদ্দিন (৫৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
বড়লেখা থানার ওসি আবুল হাসেম বলেন, ওই ব্যক্তি মানসিক রোগী ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।