বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎকারীদের বিষয়ে দুদকের নিষ্ক্রিয়তায় সংসদীয় কমিটিতে ক্ষোভ
বস্তায় ভরে নিয়ে গেছে বেসিক ব্যাংকের টাকা
জালিয়াতেরা রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের টাকা বস্তায় ভরে নিয়ে গেছে। অথচ টাকা আত্মসাতের সঙ্গে জড়িত পরিচালনা পর্ষদ, ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) নথি পাঠালেও দুদক নিষ্ক্রিয়।
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটিতে এসব কথা বলা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মো. ইকবাল এসব কথা বলেছেন।
সংসদীয় কমিটি ব্যাংকের টাকা আত্মসাৎকারী ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। কমিটি নিয়মবহির্ভূত ঋণ-প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যাংকের কর্মকর্তাদের অবিলম্বে বরখাস্ত করার সুপারিশ করে। এ ছাড়া জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দুদককে সুপারিশ করে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
বৈঠকে উপস্থাপিত অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, বেসিক ব্যাংকের গুলশান শাখার ১৮টি ঋণ হিসাব, কারওয়ান বাজার শাখার আটটি, শান্তিনগর শাখার পাঁচটি, প্রধান শাখার ১৪টি এবং দিলকুশা শাখার ১১টি ঋণ হিসাবে অনিয়ম পাওয়া গেছে। এসব শাখা থেকে জালিয়াতেরা নিয়মবহির্ভূতভাবে সাড়ে চার হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করেছে। জালিয়াতির সঙ্গে ব্যাংক কর্মকর্তারা জড়িত আছেন বলে ধারণা করা হচ্ছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী প্রথম আলোকে বলেন, বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, জালিয়াতেরা নাকি বিভিন্ন শাখা থেকে বস্তায় ভরে টাকা নিয়ে গেছে। এর কোনো হিসাব-কিতাব নেই। বিস্ময়কর হলো, ১০ জন ঋণগ্রহীতাকে নাকি এখন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এ নিয়ে দুদকের কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংক হতাশ। তারা জালিয়াতকারী বা আগের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সে জন্য কমিটি এ বিষয়ে দুদককে তাগিদ দিয়ে চিঠি দেবে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংকের কর্মকর্তার সংখ্যা ১৪। ইতিমধ্যে উপব্যবস্থাপনা পরিচালক এ মোনায়েম খান, মহাব্যবস্থাপক জয়নুল আবেদীন চৌধুরী, খন্দকার শামীম হাসান ও মোহাম্মদ আলী, উপমহাব্যবস্থাপক শিপার আহমেদ, উপব্যবস্থাপক এস এম হাসান জাহিদ, উপমহাব্যবস্থাপক এস এম ওয়ালিউল্লাহ ও সহকারী মহাব্যবস্থাপক নীলোৎপল সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অপসারিত ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম এবং আগের পরিচালনা পর্ষদ অনিয়মের সঙ্গে জড়িত কি না, তা দুদক তদন্ত করছে।
বৈঠক সূত্র জানায়, মন্ত্রণালয় ও ব্যাংক কর্তৃপক্ষের ব্যাখ্যায় সংসদীয় কমিটি সন্তুষ্ট হতে পারেনি। কমিটি বলেছে, অনিয়মের সঙ্গে জড়িত ১৪ জন। মাত্র আটজনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো?
সূত্র জানায়, বৈঠকে আতিউর রহমান বলেন, জালিয়াত চক্র ও আগের পরিচালনা পর্ষদ বস্তায় ভরে টাকা নিয়ে গেলেও দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। জালিয়াতেরা কি এতই শক্তিশালী? এ সময় অর্থ বিভাগের সচিব এম আসলাম আলম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন। বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে কমিটিকে জানান।
শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান (মানিক), নূরুল ইসলাম (সুজন), আবদুল ওদুদ ও আবদুর রউফ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থ বিভাগের সচিব এম আসলাম আলমসহ বেসিক ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।