চট্টগ্রামে পুলিশের পৃথক অভিযানে এক হাজার বোতল ফেনসিডিলসহ ৬২ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। ছয়টি বস্তার ভেতরে রাখা ছিল ফেনসিডিল। আর মদ রাখা হয় প্লাস্টিকের প্যাকেটে। এসব ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় এবং আন্দরকিল্লা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গতকাল দুপুরে বাদামতলী মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ছয়টি বস্তার ভেতরে এক হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় চালক আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, কুমিল্লা থেকে মাইক্রোবাসে করে এসব ফেনসিডিল নগরের সদরঘাট আইস ফ্যাক্টরি রোড এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে চালক ছাড়া আরও দুই যুবক থাকলেও বাদামতলী মোড়ে পুলিশের তল্লাশিচৌকি দেখে তারা গাড়ি থেকে নেমে যায়। চালক আবদুর রহিম রাস্তায় গাড়ি ফেলে পালানোর চেষ্টা করলেও পুলিশের কাছে ধরা পড়েন। এ ঘটনায় ডবলমুরিং থানায় মাদক আইনে মামলা হয়েছে। মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, সহজে বহনযোগ্য হওয়ায় ইয়াবার পাচার বেড়েছে। নিয়মিত ধরাও পড়ছে। কিন্তু ফেনসিডিলের চাহিদা ও পাচার অনেক কমে গেছে। ফেনসিডিল পাচারে কারা জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে গতকাল দুপুরে নগরের আন্দরকিল্লা মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো সাধনা দত্ত ও উদয়ন বড়ুয়া। দুজনের শরীরে প্লাস্টিকের প্যাকেটের ভেতরে ৬ লিটার করে ১২ লিটার মদ লুকিয়ে রাখা ছিল। এ ছাড়া তাদের কাছে আরও ৫০ লিটার মদ পাওয়া যায়।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান জানান, বিক্রির জন্য চোলাই মদ রাঙামাটি থেকে চট্টগ্রামে নিয়ে আসার কথা স্বীকার করেছে গ্রেপ্তার দুজন। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।