বস্তার ভেতর মিলল শিশুর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় বস্তাবন্দী অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরের আড়ংঘাটা থানাধীন কাতিকূল গ্রামের একটি ডোবা থেকে হাশমি (৯) নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে সরদারডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান বলেন, সকালে বস্তাবন্দী মরদেহ দেখে এলাকাবাসী খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, গত সোমবার বিকেলে শিশুটি খেলতে গিয়ে আর ফেরেনি। গতকাল বুধবার তার পরিবার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করে। ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে।
এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেন জানান ওসি।