বস্তায় আলু ও চালের সঙ্গে স্কুলছাত্রের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার চার দিন পর চট্টগ্রামে এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে নগরের সাগরিকা এলাকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পেছনের কাট্টলী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। কচুরিপানায় ভরা শুকনো খাল থেকে বস্তাটি উদ্ধারের পর ভেতরে লাশের সঙ্গে পাওয়া যায় চাল ও আলু।
নিহত ফিরোজ আলী (১৩) চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকার পি এইচ আমিন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র। ফিরোজ নিখোঁজ হওয়ার ঘটনায় গতকাল সকালে তার জেঠাতো ভাই হৃদয় আলীকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চাচার কাছ থেকে টাকা আদায় ও নিজের ব্যক্তিগত কিছু বিষয় জেনে যাওয়ায় ফিরোজকে হত্যা করেন হৃদয়।
দিনাজপুরের একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র (২০) হৃদয়। তাঁর বাবা চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী। পাঁচ মাস ধরে তিনি বাবার সঙ্গে থাকছেন।
ফিরোজের বাবা রমজান আলী রংমিস্ত্রির কাজ করেন। মা বেগমজান পোশাকশ্রমিক। গতকাল সন্ধ্যায় পাহাড়তলী থানা কার্যালয়ে রমজান আলী প্রথম আলোকে বলেন, তাঁদের একমাত্র সন্তান ফিরোজ। কাজের জন্য তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই সারা দিন বাইরে থাকেন। দক্ষিণ কাট্টলী এলাকার সিদ্দিক কমিশনারের বাড়িতে তাঁরা ভাড়া থাকেন। তাঁদের পাশের ঘরে থাকেন ভাতিজা হৃদয়। ৪ মে সন্ধ্যায় তাঁর স্ত্রী বাসায় ফিরে দেখেন ফিরোজ ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরদিন তাঁর মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে খুদে বার্তা আসে। তাতে বলা হয়, দুই লাখ টাকা নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী আসতে হবে। নইলে তিনি ছেলের লাশ পাবেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান তিনি। পরে ৭ মে আবারও একই খুদে বার্তা আসে তাঁর মুঠোফোনে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, থানা-পুলিশের পাশাপাশি নগর গোয়েন্দা পুলিশও নিখোঁজের বিষয়টি তদন্ত শুরু করে। সন্দেহ হলে নিহত ব্যক্তির জেঠাতো ভাই হৃদয়কে গতকাল সকালে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ফিরোজকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেন তিনি। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাট্টলী খাল থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। বস্তার ভেতরে আলু ও চাল ছিল।
ডিবি জানায়, জিজ্ঞাসাবাদে হৃদয় স্বীকার করেছেন, তাঁর কিছু ব্যক্তিগত বিষয় ফিরোজ জেনে যায়। এ ছাড়া তাঁর টাকার দরকার। এ জন্য ফিরোজকে খুন করে লাশ লুকিয়ে রেখে চাচার কাছ থেকে টাকা আদায়ের পরিকল্পনা করেন। পরিকল্পনামতো ৪ মে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ফিরোজকে খাওয়ান। অচেতন হয়ে গেলে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ বস্তাবন্দী করে দুই কিলোমিটার দূরের খালে ফেলে দেন। কেউ যাতে সন্দেহ না করে, সে জন্য বস্তার মধ্যে আলু ও চাল ভরে রাখেন। নেওয়ার সময় রিকশাচালককে বলেন, এটি পচা আলুর বস্তা।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, নিহত ব্যক্তির বাবা রমজান আলী বাদী হয়ে তাঁর ভাতিজা হৃদয়কে আসামি করে থানায় অপহরণ ও হত্যা মামলা করেছেন।
গতকাল সন্ধ্যায় পাহাড়তলী থানায় বিলাপ করছিলেন নিহত ফিরোজের মা বেগমজান। তিনি বলেন, ‘কিছুই চাই না। আমার ছেলেরে চাই। ফিরোজ কই। তারে আমার কাছে দাও।’