বস্তায় মিলল স্কুলছাত্রীর লাশ
রাজধানীর ভাটারায় এক স্কুলছাত্রীকে হত্যার পর লাশ বস্তায় ভরে ফেলা হয়েছিল ডোবায়। পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে প্লাস্টিকের ওই বস্তা খুলে নয় বছরের শিশুকন্যা ফারজানা আক্তারের লাশ উদ্ধার করে।
ফারজানা তৃতীয় শ্রেণিতে পড়ত। পুলিশ জানিয়েছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত ফারজানার মামা হাসিবুল ইসলাম জানান, গত সোমবার সন্ধ্যায় পেনসিল কিনতে বাসা থেকে বের হয়েছিল ফারজানা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তাঁরা ভাটারা থানায় বিষয়টি জানান। পরে গতকাল দুপুরে পুলিশ তাঁদের ফোন করে ফারজানার লাশ পাওয়ার খবর জানায়।
স্বজনেরা জানান, বাড়ি থেকে ১৫০ গজ দূরের দোকানে তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, ফারজানা সেখান থেকে পেনসিল কিনেছিল। ওই দোকান থেকে বাড়িতে হেঁটে আসতে সর্বোচ্চ দুই মিনিট লাগে। এর মধ্যেই তাকে কেউ ধরে নিয়ে গেছে। ফারজানার বাবা ফারুক হোসেন গাড়িচালক। দুই বোনের মধ্যে সে বড়।
ভাটারা থানার এসআই নজরুল জানান, তাঁদের ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।