বস্তায় মিলল ৫০ হাজার ইয়াবা!

নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালায় পাচারকারীরা। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে ওই বস্তার ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৫ নম্বর স্লুইসগেটের কেওড়া বাগানের ভেতরে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সাবরাং ৫ নম্বর স্লুইসগেট এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে এ দেশে আনা হবে। এ তথ্যের ভিত্তিতে শাহপরীর দ্বীপ চৌকির নায়েক মো. বিদ্যুৎ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। গভীর রাতে দুজন লোককে একটি প্লাস্টিকের বস্তা মাথায় নাফ নদীর পাড় দিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছু ধাওয়া করলে একপর্যায়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে পালিয়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরে ওই বস্তা থেকে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।