বস্তায় যুবকের গলিত লাশ, পুড়িয়ে চেহারা বিকৃত করা
গলির মুখে পড়ে থাকা বস্তায় পাওয়া গেল অজ্ঞাতপরিচয় যুবকের গলিত লাশ। রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব ইসলামনগর থেকে গতকাল শনিবার লাশটি উদ্ধার করেছে পুলিশ। যুবককে কুপিয়ে হত্যার পর লাশের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ আগুনে পুড়িয়ে বা অ্যাসিডে ঝলসে ফেলা হয়েছে। এদিকে কামরাঙ্গীরচরেরই নবীনগর এলাকায় জুলেখা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসীন আলম জানান, পূর্ব ইসলামনগরের ৩ নম্বর গলির মুখে হাজি জালাল ও ফয়েজ মিয়ার বাড়ির সামনের পথে কে বা কারা একটি বস্তা ফেলে যায়। গতকাল সকালে সেটি দেখে সন্দেহ হলে লোকজন পুলিশকে জানায়। সকাল সাতটার দিকে পুলিশ গিয়ে বস্তা খুলে এক যুবকের নগ্ন ও গলিত লাশ দেখতে পায়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর মুখমণ্ডল ছিল ক্ষতবিক্ষত ও ঝলসানো। গলায় গভীরভাবে জবাইয়ের চিহ্ন রয়েছে। বুকে, পেটে ও পিঠেও রয়েছে ধারালো অস্ত্রের ক্ষতসহ বিভিন্ন জখম। শরীরের বেশির ভাগ অংশের ত্বক আগুন দিয়ে পুড়িয়ে বা অ্যাসিড জাতীয় কোনো কিছু দিয়ে ঝলসে দেওয়া হয়েছে।
পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পরে দুর্বৃত্তরা লাশটি কয়েক দিন লুকিয়ে রেখেছিল। পরে হত্যাকাণ্ডের ঘটনাস্থল লুকাতে তা কামরাঙ্গীরচরে এনে ফেলা হয়। নিহতের চেহারা যাতে না বোঝা যায় সে জন্য পুড়িয়ে ফেলা হয়েছে। পোশাক দেখেও শনাক্ত করার কোনো সুযোগ রাখেনি খুনিরা। পুলিশ বলছে, সূত্র মুছে ফেলতে ঠান্ডা মাথায় এসব কাজ করা হয়েছে।
বৃদ্ধা খুন: কামরাঙ্গীরচরের নবীনগর মাদ্রাসাসংলগ্ন একটি বাড়ি থেকে গতকাল দুপুরে জুলেখা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। বৃদ্ধার মালিকানাধীন দেড় কাঠা জমি দখলের উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে বলে স্বজনদের ধারণা।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলম জানান, জুলেখা বেগমের স্বামী তোহুর আলী মারা গেছেন। তাঁদের কোনো সন্তান নেই। এ কারণে জুলেখার জমি দখল করতে সক্রিয় হয়ে উঠেছিল একটি চক্র। তাদেরই কেউ শুক্রবার রাতের কোনো সময়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।