বহদ্দারহাট থেকে পেট্রলবোমা ও ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাটের খাজা রোড এলাকা থেকে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাঁচটি পেট্রলবোমা ও সাতটি ককটেল উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে জানান, র্যাবের একটি দল টহল দেওয়ার সময় খাজা রোডের কোদালকাটা এলাকায় কাগজে মোড়ানো পাঁচটি পেট্রলবোমা ও সাতটি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে বোমাগুলো কেউ রাস্তায় এনেছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে তিনজন বিএনপির, তিনজন জামায়াতের এবং দুজন শিবিরের কর্মী। জেলার সীতাকুণ্ড ও লোহাগাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।