বরিশাল ব্রজমোহন কলেজে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বহিরাগতদের হামলায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে কলেজ ক্যানটিন ভাঙচুর করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বহিরাগতদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন কর্মসূচি পালনের পরপরই হামলা চালায় তারা। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়।
কলেজের শিক্ষার্থীরা জানান, দুই দিন আগে বহিরাগতরা কলেজ ক্যাম্পাসের ডিগ্রি ছাত্রাবাসের ছাদে বসে মাদক নিচ্ছিল। তাদের বাধা দেন সমাজকল্যাণ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাজিম হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগতরা তাঁকে মারধর করে। এ ঘটনার জের ধরে বহিরাগতদের প্রতিরোধে গতকাল বেলা ১১টায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচি পালন শেষে শিক্ষার্থীরা ছাত্রাবাসে ফিরে যান। কিন্তু কিছুক্ষণের মধ্যে বহিরাগতরা পুনরায় ক্যাম্পাসে হামলা চালায়। একপর্যায়ে সব ছাত্রাবাসের শিক্ষার্থীরা বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন।
ব্যবস্থাপনা শেষ বর্ষের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান বলেন, বহিরাগতরা প্রায়ই ছাত্রাবাসে এসে মাদক সেবন করে। এর বাইরেও তারা কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকলে তাতে বাধা দেন ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সালাউদ্দিন। এর কিছুক্ষণ পর বেশ কিছু বহিরাগত দা, চাপাতি নিয়ে কলেজে এসে সালাউদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন। তারা কলেজ ক্যানটিনে আশ্রয় নেয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ক্যানটিনে হামলা চালান ও ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ফরহাদ হোসেন জানান, বহিরাগতদের বিরুদ্ধে মানববন্ধন করা এবং ইভ টিজিংয়ে বাধা দেওয়ার কারণে হামলা চালানো হয়েছে। কলেজশিক্ষার্থীর ওপর হামলার ঘটনা শুনে একযোগে শিক্ষার্থীরা বহিরাগতদের ধাওয়া দেন। এরপর বেলা দেড়টা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টাধাওয়া।
ব্রজমোহন কলেজের অধ্যক্ষ এম ফজলুল হক বলেন, বহিরাগতদের প্রতিহত করার জন্য কলেজশিক্ষার্থীরা মানববন্ধন করেন। এরপর একটি মিছিল শেষে ছাত্রাবাসে বৈঠক করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এ সময় গুজব ওঠে, বহিরাগতরা ক্যাম্পাসে হামলা করেছে। সঙ্গে সঙ্গে কলেজের সব ছাত্রাবাসের শিক্ষার্থীরা বেরিয়ে পড়ে। একপর্যায়ে সেখানে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কলেজ ক্যানটিন ভাঙচুর করা হয়। বেলা দেড়টায় পরিস্থিতি শান্ত হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, বহিরাগতদের সঙ্গে কলেজশিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।