বহিরাগতদের হামলার ঘটনায় হল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রোববার কলেজের একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীরা হল ত্যাগ করেন। এর আগে গত শনিবার রাতে একদল বহিরাগত হলে গিয়ে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও তিনজনকে কুপিয়ে জখমসহ অন্তত ৪০ শিক্ষার্থীকে আহত করে।
কলেজের অন্তত ২০ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ অক্টোবর দুপুরে কলেজের গ্রন্থাগার ভবনের সামনে ধর্মপুর ও দৌলতপুর এলাকার একদল বহিরাগত নেশাগ্রস্ত অবস্থায় ছাত্রীদের উত্ত্যক্ত করে। ওই ঘটনার প্রতিবাদে কবি নজরুল হলের শিক্ষার্থীরা কলেজ ফটকের সামনের কয়েকটি দোকান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনার জের ধরে শনিবার রাত ১০টার দিকে ধর্মপুর এলাকার একটি দোকানে কবি নজরুল হলের শিক্ষার্থী গণিত বিভাগের আবদুল আজিজ, শরীফুল ইসলাম ও হাসান মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে বহিরাগতরা। এ খবর ছড়িয়ে পড়লে হলের শিক্ষার্থীরা তাঁদের উদ্ধার করতে ওই দোকানে যান। তখন একদল বহিরাগত কবি নজরুল হলের সামনে গিয়ে অন্তত ৬০টি গুলি ছোড়ে। একই সঙ্গে হলের প্রধান ফটকের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে বহিরাগতরা হলের বিদ্যুতের লাইন কেটে দেয়। তারা হলের জানালা ও ফটক ভেঙে ফেলে। শিক্ষার্থীদের ১৫টি বাইসাইকেল নিয়ে যায়। বহিরাগতদের গুলিবর্ষণ ও হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত তিনজন বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ধর্মপুর এলাকার অন্তত পাঁচজন স্থানীয় বাসিন্দা বলেন, হলের শিক্ষার্থীরা কিছু হলেই সংঘবদ্ধ হয়ে এলাকার দোকানপাট ও বাসাবাড়িতে হামলা চালান। শনিবার রাতে হলের এক শিক্ষার্থী দলবল নিয়ে বরুড়া উপজেলার এক ব্যাংক কর্মকর্তাকে মারধর করেন। সে সময় এলাকাবাসী তিন শিক্ষার্থীকে আটক করে মারধর করেন। এ নিয়ে ঝামেলা হয়।
এদিকে হলের পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদের দপ্তরে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক হয়। কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ বলেন, কলেজের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য হল বন্ধ করা হয়েছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় জিডি করে।