বহিরাগতদের মহড়ার প্রতিবাদে কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের দুই দফা মহড়ার প্রতিবাদে আজ মঙ্গলবার সব ধরনের ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সন্ত্রাসীদের বিচার দাবি করে ‘সর্বস্তরের ছাত্র জনতা’ ব্যানারে মানববন্ধন করেন হাজারো শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর রাত দুইটার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে করে ক্যাম্পাসে এসে সোহরাওয়ার্দী হলের সামনে দুটি ফাঁকা গুলি করে।
এরপর গতকাল সোমবার সন্ধ্যায় ছাত্রদের পাঁচটি আবাসিক হলের সামনে দিয়ে ২০-২৫টি মোটর সাইকেলে করে বহিরাগতরা মহড়া দেয়। এ সময় তারা দুটি ফাঁকা গুলি ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
গতকালের ঘটনার পর রাত আটটার দিকে সাধারণ শিক্ষর্থী ও ক্যাম্পাস ছাত্রলীগের নেতা-কর্মীরা নিরাপত্তা চেয়ে মিছিল বের করেন এবং আজকের দিনের সব ক্লাস বর্জনের ঘোষণা দেন।
আজ সকাল ১০টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বিজয় ৭১–এর পাদদেশে সমবেত হন। বহিরাগত চিহ্নিত ক্যাডারদের কর্মকাণ্ডের প্রতিবাদ, তাদের আইনের আওতায় আনা এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে ‘সর্বস্তরের ছাত্র জনতা’ ব্যানারে বেলা একটার দিকে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে ছাত্রলীগ, অনুষদীয় ছাত্র সমিতি ও ছাত্র ইউনিয়ন একাত্মতা ঘোষণা করে। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজ রাত আটটা পর্যন্ত সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীরা হলে ফিরে যান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খাঁন বলেন, বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য জেলা ছাত্রলীগ এ ধরনের কাজ করতে পারে।
তবে জসিম গুলি ও ককটেল বিস্ফোরণের কথা অস্বীকার করে বলেন, ‘আমার কিছু কর্মী মোটরসাইকেলে হলের সামনে দিয়ে যাওয়ার সময় ছাত্রদের হল থেকে গুলি করা হয়।’
প্রক্টর হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, ‘৮ নভেম্বরের ঘটনায় মো. জসিম উদ্দিনকে দায়ী করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরের দিনই কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করে। আমরা ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি। পুলিশ সুপার (এসপি) বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।’