বহিরাগতর কারণে মার খেলেন চার শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের চার ছাত্রকে ছাত্রলীগের কর্মীসহ কয়েজন ছাত্র বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুর দেড়টার দিকে হলের অতিথি কক্ষে ডেকে নিয়ে তাঁদের মারধর করা হয়।
হল প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন কলা ভবনের সামনে বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন ফার্মেসি বিভাগের এক ছাত্রী। তাঁরা ‘দৃষ্টিকটুভাবে’ বসে আছেন দাবি করে তাঁদের ‘সংযত’ করতে এগিয়ে যান ৪৩ তম ব্যাচের চারুকলা বিভাগের ছাত্র মো. উজ্জ্বল হোসেন।
উজ্জ্বল ওই ছাত্রীর বন্ধুর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ফার্মেসি বিভাগের ছাত্র ও বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। এ সময় সুবীর ও আশিকসহ চারুকলা বিভাগের কয়েজন শিক্ষার্থী এগিয়ে যান। তাঁদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে ফার্মেসি বিভাগের ছাত্র হিসেবে পরিচয় দেওয়া ওই যুবক স্বীকার করেন, তিনি প্রকৃতপক্ষে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। মিথ্যে পরিচয় দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর গালে একজন থাপড় দেন। এরপর ওই যুবক দৌড় দিয়ে কিছু দূর গেলেও অন্য ছাত্ররা তাঁকে ধরে ফেলেন। তাঁকে ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলা হয়। ওই যুবক এই ঘটনা তাঁর বন্ধু ৩৯ তম ব্যাচের ফার্মেসি বিভাগের ছাত্র রূপাকে জানান।
দুপুর দেড়টার দিকে রূপার নেতৃত্বে প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সারওয়ার বাঁধন, দর্শন বিভাগের সিহাব, ভূগোল ও পরিবেশ বিভাগের ইয়াসিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৌফিকসহ প্রায় ২০ জন ছাত্র হলের অতিথি কক্ষে চারুকলা বিভাগের চার ছাত্রকে ডেকে আনেন এবং বেধড়ক মারধর করেন।
আহত চার ছাত্র হলেন ৪৩ তম ব্যাচের চারুকলা বিভাগের ছাত্র মো. উজ্জ্বল হোসেন, সুবীর মণ্ডল এবং ৪৪ তম ব্যাচের আশিকুর রহমান ও মঈনুদ্দীন ভূঁইয়া।
আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, উজ্জ্বল, সুবীর, আশিকুর ও মঈনুদ্দীনের চিকিৎসা চলছে। আশিকুরের শরীরে স্যালাইন দেওয়া হয়েছে। পাশের বিছানায় বিভাগের বন্ধুরা মঈনুদ্দীনের শরীরে ব্যথানাশক লাগিয়ে দিচ্ছেন।
যোগাযোগ করা হলে রূপা এ ঘটনা অস্বীকার করে বলেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি।
হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, কয়েকজনকে মারধর করা হচ্ছে জানতে পেরে সঙ্গে সঙ্গে তিনি হলে যান। সেখানে গিয়ে বিস্তারিত খোঁজ নিয়েছেন। প্রশাসনিক সভায় এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।