বহির্নোঙর থেকে সাত পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ১৫ যাত্রী ও সাত পাচারকারীকে আটক করেছেন নৌবাহিনীর বিশেষায়িত দল সোয়াডস (স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ) সদস্যরা। গত বুধবার রাত একটার দিকে নিয়মিত টহলের সময় দুটি নৌকা থেকে তাঁদের ধরা হয়।
নৌবাহিনীর মিডিয়া সেল সূত্রে জানা যায়, বন্দরের বহির্নোঙর এলাকায় ইঞ্জিনচালিত নৌকা ও একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালায় সোয়াডস। এ সময় দুটি নৌকা থেকে পাচারকারী সাতজন এবং ১৫ যাত্রীকে আটক করা হয়। তাঁদের সবাইকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। যাত্রী ১৫ জনের বাড়ি ঝিনাইদহ, যশোর, নরসিংদী ও বগুড়া জেলায়।
পুলিশ জানায়, পাচারকারী সন্দেহে গ্রেপ্তার সাতজনের মধ্যে দীনেশ চন্দ্র জলদাশ নামের একজনের কাছে ৮৫টি ইয়াবা বড়ি পাওয়া গেছে। অপর ছয়জন হলেন মো. সোহেল (২০), আইয়ুব খান (২৮), গোলাম কাদের (২৮), ওমর ফারুক (২৫), এহছান হোসেন (২৫), রফিক উদ্দিন (২৫)।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহাবুদ্দিন আলম প্রথম আলোকে জানান, নৌবাহিনীর পক্ষ থেকে দীনেশ চন্দ্র জলদাশের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা হয়েছে। এ ছাড়া দীনেশসহ সাত পাচারকারীর বিরুদ্ধে মানব পাচার আইনে আরেকটি মামলা হয়েছে। যাত্রীদের বক্তব্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।