বহির্নোঙরে ট্রলারে মিলল ৬ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাছ ধরার ট্রলার থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। টেকনাফ থেকে তিনটি বস্তায় ভরে এসব ইয়াবা পাচার করা হচ্ছিল। এসব ইয়াবা কর্ণফুলী নদীর কোনো ঘাটে খালাস হওয়ার কথা ছিল।
ইয়াবা জব্দের ঘটনায় ট্রলারের মাঝি ও তাঁর সহযোগীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার সকালে অধিদপ্তরের কর্মকর্তারা কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান চালান।
আটক দুজন হলেন ট্রলারের মাঝি ফরিদুল আলম ও তাঁর সহযোগী আবুল কালাম (৩০)। দুজনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়।
ইয়াবা বড়ি জব্দের পর গতকাল বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে আটক দুজনকে হাজির করা হয়। সেখানে অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আলী আসলাম হোসেন সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বন্দরের বহির্নোঙরে এফ ভি মালেক শাহ নামের ট্রলারে অভিযান চালানো হয়। ট্রলারের ভেতরে মাছ রাখার জায়গায় তিনটি বস্তার মধ্যে ইয়াবা বড়ি পাওয়া যায়। পলিথিনে মোড়ানো প্যাকেটে মোট ৬ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি ছিল। ইয়াবা পাচারের সঙ্গে কারা জড়িত, তা জানতে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, মোটা অঙ্কের টাকার লোভে ইয়াবাগুলো পরিবহন করেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাঝি ও তাঁর সহযোগী বলেছেন। এখনো মূল হোতাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তিনি বলেন, মামলার পর আদালতের মাধ্যমে আটক দুজনকে রিমান্ডে নেওয়া হবে।