ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা নারী রোগীদের অলংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতালের বহির্বিভাগে সারিতে দাঁড়ানো রোগীদের অলংকার চুরি করে আসছে।
থানা-সংলগ্ন ওই হাসপাতালে প্রায় প্রতিদিন চুরির ঘটনা ঘটলেও হাসপাতাল ও থানা কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই জানে না।
গত সোমবার সেবা নিতে আসা এক নারীর চেইন চুরি হওয়ার পর ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের জানানো হয়। সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি সাভার মডেল থানার এএসআই মাহমুদ আলমকে জানালে তিনি চোর সন্দেহে হনুফা বেগম নামের একজনকে আটক করেন। হনুফাকে গত রোববার তাঁর (এএসআই মাহমুদ) স্ত্রীর গলা থেকে চেইন চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।
সাভার থানার পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে আসা রোগীদের সারিতে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হয়। টিকিট সংগ্রহের ভান করে অলংকার চোরেরাও নারী রোগীদের সঙ্গে সারিতে দাঁড়ান। এরপর সুযোগ বুঝে রোগীদের গলার চেইন ছিঁড়ে পাশে দাঁড়িয়ে থাকা তাঁদের সহযোগীদের কাছে পাচার করে দেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঠান্ডাজনিত রোগের চিকিৎসা করাতে মা জুলেখা বেগমকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান সাভার পৌর এলাকার কাতলাপুরের শরিফুল ইসলামের স্ত্রী ফরিদা আক্তার। এরপর টিকিটের জন্য মা-মেয়ে দুজনেই সারিতে দাঁড়ান। এর কয়েক মিনিটের মধ্যেই জুলেখা বেগমের গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি হয়ে যায়।
ফরিদা বলেন, পেছনে থাকা হনুফা হঠাৎ করে তাঁর (ফরিদা) গলার চেইন চুরির চেষ্টা চালান। বিষয়টি আঁচ করতে পেরে তিনি হনুফাকে ধরে ফেলেন। এর আগেই তাঁর মায়ের গলার চেইনটি চুরি হয়ে যায়। সাভারের ব্যাংক কলোনির সাইফুল ইসলাম বলেন, কানব্যথার চিকিৎসা করাতে তাঁর স্ত্রী আফরোজা আক্তার দিন দশেক আগে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এরপর টিকিটের জন্য সারিতে দাঁড়ানোর কয়েক মিনিটের মধ্যেই তাঁর স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন চুরি হয়ে যায়।
চিকিৎসার জন্য গত রোববার হাসপাতালে গিয়েছিলেন এএসআই মাহমুদ আলমের স্ত্রী ফারজানা আক্তার। টিকিটের জন্য সারিতে দাঁড়ানোর পরপরই তাঁর এক ভরি ওজনের চেইন চুরি হয়ে যায়। এএসআই মাহমুদ আলম বলেন, চেইন চুরির সময় হনুফাসহ আরও দুজন তাঁর স্ত্রীর পেছনেই ছিলেন। ঘটনার পরপরই তাঁরা উধাও হয়ে যান। সোমবার থানায় গিয়ে তাঁর স্ত্রী হনুফাকে শনাক্ত করেছেন। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেফালিকা দাস বলেন, ‘এ রকম কোনো অভিযোগ আমি পাইনি।’
সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, হাসপাতালে রোগীদের চেইন চুরির কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুদিনে এএসআই মাহমুদের স্ত্রী ও এক রোগীর চেইন চুরির ঘটনায় জড়িত সন্দেহে হনুফা নামে এক নারীকে আটক করার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’