বহিষ্কৃত ছাত্রলীগ নেতা লিমন অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সিআরবির জোড়া খুন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত সাইফুল আলম ওরফে লিমনকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নগরের লালখান বাজারের বাসা থেকে লিমনকে গ্রেপ্তার করে র্যাব-৭।
র্যাবের অভিযানে ওই বাসা থেকে লিমনের সহযোগী আজিজুল হক, তৌহিদুল ইসলাম ও লিমনের গাড়িচালক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে লিমন ও তাঁর তিন সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে পিস্তল, তিনটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।
তবে লিমনের স্ত্রী সৈয়দা ফারজানা রহমান দাবি করেন, তাঁর স্বামীর কাছ থেকে র্যাব কোনো অস্ত্র পায়নি। গতকাল সন্ধ্যার পর র্যাব তাঁদের বাসায় তল্লাশি চালায়। রাত আটটার দিকে চোখে গামছা বেঁধে লিমনকে গাড়িচালকসহ ধরে নিয়ে যায়। লিমন সন্ত্রাসী নয় বলেও দাবি করেন তাঁর স্ত্রী।
২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) সামনে যুবলীগ থেকে বহিষ্কৃত নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে যুবলীগের কর্মী সাজু পালিত (২৮) ও শিশু আরমান (৮) নিহত হয়। এ ঘটনায় করা মামলায় গত সোমবার লিমনকে প্রধান আসামি করে ৬২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রেলের কোটি টাকার দরপত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ঘটনার দিন লিমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি এ মামলায় জামিনে আসেন।