বহিষ্কৃত ছাত্রলীগ নেতার নামে মামলা, গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ব্যবসায়ী মামুনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল দোকানপাট বন্ধ রেখে নগরের জিন্দাবাজার মোড়ে অবস্থান ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা l ছবি: প্রথম আলো
সিলেটে ব্যবসায়ী মামুনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল দোকানপাট বন্ধ রেখে নগরের জিন্দাবাজার মোড়ে অবস্থান ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা l ছবি: প্রথম আলো

সিলেটের ব্যবসায়ী করিম বক্স মামুন (২৬) হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহসভাপতি সুলেমান চৌধুরীকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

ঘটনাস্থলের সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ভিডিওচিত্র দেখে পুলিশ এ বিষয়ে নিশ্চিত হয়। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহত মামুনের বাবা বুলু বক্স বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় সুলেমান চৌধুরী ও জাভেদ নামের দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে।

মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল তৎপরতা চালিয়েছে।

মামলার আগে গত বুধবার রাতে ছাত্রলীগ থেকে সুলেমান চৌধুরীকে স্থায়ীভাবে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।

সিলেট নগরের জল্লারপাড় এলাকার বাসিন্দা করিম বক্স মামুন গত মঙ্গলবার বেলা দুইটার দিকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ছুরিকাহত হন। মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে সৃষ্ট বচসায় ছাত্রলীগের সুলেমান চৌধুরী ব্যবসায়ী মামুনকে ছুরিকাঘাত করে পালান বলে অভিযোগ ওঠে। রাত সাড়ে তিনটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে খুনি চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।

ব্যবসায়ীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেও খুনি গ্রেপ্তার না হওয়ায় গতকাল বেলা সাড়ে তিনটা থেকে দুই ঘণ্টা দোকানপাট বন্ধ করে অবস্থান ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা। জিন্দাবাজার মোড়ে ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট চলাকালে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বাধীন ব্যবসায়ী নেতারাও একাত্ম হন। চেম্বার নেতারা নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকায় প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। অন্যথায় ব্যবসায়ীরা কঠোর আন্দোলনের মাধ্যমে খুনিদের গ্রেপ্তারে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন।

পরে চেম্বার কার্যালয়ে প্রতিবাদ সভায় সিলেট চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক খন্দকার সিপার আহমদ, মো. সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, মো. এমদাদ হোসেন, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী ও আবদুর রহমান, সিলেট চেম্বারের সাবেক পরিচালক মুশফিক জায়গীরদার প্রমুখ বক্তব্য দেন।

সুলেমানকে স্থায়ী বহিষ্কার: ব্যবসায়ী হত্যাকাণ্ডে ছাত্রলীগের নেতা সুলেমান চৌধুরী জড়িত বলে অভিযোগ ওঠার পরপরই ছাত্রলীগ থেকে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ জরুরি সভা করে তাঁকে বহিষ্কার করে। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত। এ অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কেন্দ্র থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’