সোনা চোরাচালানের সঙ্গে জড়িত উত্তর কোরিয়ার কূটনীতিক সন ইয়াং ন্যামকে সরকার বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরার পর ২৭ কেজি সোনাসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছিল তাঁকে। অবশ্য ভিয়েনা কনভেনশন, ১৯৬১-এর আওতায় দূতাবাস পরে তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের প্রথম সচিব সন ইয়াং ন্যামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে এবং তা ঢাকায় উত্তর কোরিয়া দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের ফৌজদারি অপরাধ থেকে অব্যাহতি দেওয়া হয়ে থাকে। তবে অপরাধের মাত্রাভেদে কখনো কখনো কূটনীতিকদের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হতে পারে। উত্তর কোরিয়ার কূটনীতিককে আইনের আওতায় আনতে হলে প্রথমে তাঁর দেশ তাঁকে দেওয়া কূটনীতিক মর্যাদা ফিরিয়ে নেবে। এরপর তাঁকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যাবে।