উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর হামিদুর রশিদ জেলা শহরের দাশড়া এলাকায় বহুতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, দাশড়া মৌজায় শহীদ রফিক সড়কের পাশে আরএস ২৮ নম্বর দাগে ৭ দশমিক ৫ শতক জমির ওপর নয়তলাবিশিষ্ট ভবন নির্মাণ করছেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর হামিদুর রশিদ। ইমারত নির্মাণ আইন অনুযায়ী উভয় পাশে সাড়ে চার ফুট জায়গা ফাঁকা রেখে ভবন নির্মাণ করতে হবে। মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ পূর্ব ও পশ্চিমে উভয় পাশে সাড়ে চার ফুট জায়গা ফাঁকা রেখে ওই ভবন নির্মাণের নকশা অনুমোদন করেছে।
তবে চলতি বছরের ৩ মার্চ পৌরসভার অনুমোদনকৃত নকশা পরিবর্তন এবং ইমারত নির্মাণ আইন উপেক্ষা করে অবৈধভাবে ভবন নির্মাণকাজ করার অভিযোগে প্রতিবেশী হালিমা খাতুন হামিদুর রশিদের বিরুদ্ধে যুগ্ম জেলা জজ-১ আদালতে মামলা করেন।
এই মামলায় আদালত ওই ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তী সময়ে অতিরিক্ত জেলা জজ আদালতে রিভিউ পিটিশন করেন হামিদুর রশিদ। ৩০ এপ্রিল হামিদুরের পক্ষে রায় দেন আদালত। ১৭ মে ওই রিভিউ পিটিশনের বিরুদ্ধে হালিমা বেগম উচ্চ আদালতে আরেকটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১৮ মে আদালত দুই মাসের জন্য নিষেধাজ্ঞা দেন।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক কাজী আবুল বাশার বলেন, বিরোধপূর্ণ জায়গায় হামিদুর রশিদকে ১৮ মে থেকে পরবর্তী দুই মাসের জন্য নির্মাণকাজ স্থগিত রাখার জন্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা লিখিতভাবে হামিদুর রশিদকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এর আগে একই জমির ওপর পৌরবিধি লঙ্ঘন করে পাঁচতলা ভবন নির্মাণ করার কারণে ওই ভবনটি হেলে পড়ায় তা ভেঙে ফেলা হয়। এবার ওই জমিতে নয়তলাবিশিষ্ট ভবনের নির্মাণকাজ শুরু করেছেন তিনি।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও ওই ভবন নির্মাণের কাজ করছে নির্মাণশ্রমিকেরা।
হালিমা বেগম জানান, হামিদুর রশিদ তাঁর জমির বেশ কিছু অংশ দখল করে ভবন নির্মাণ করছেন। তিনিও ভবন নির্মণের সময় সাড়ে চার ফুট জায়গা রেখেছেন। কিন্তু হামিদুর রশিদ কোনো জায়গা ছাড়েননি। উল্টো তার জায়গা দখল করে ভবন নির্মাণ করছেন।
হালিমা বেগম অভিযোগ করে বলেন, ভবন নির্মাণ শুরুর প্রথম পর্যায়ে পৌর কর্তৃপক্ষ অনুমোদিত নকশাবহির্ভূত হওয়ার কারণে কাজ বন্ধ রাখার নোটিশ দেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো ‘বিশেষ’ কারণে সেই নোটিশ বাতিল করে দেয়।
এ বিষয়ে হামিদুর রশিদ বলেন, ‘হাইকোর্টের কোনো নোটিশ কিংবা আদেশের কোনো কাগজ আমি পাইনি। পেলে অবশ্য সেটা মেনে চলার চেষ্টা করব।’
হামিদুর রশিদ আরও বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ইতিমধ্যে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন। আগামী দু–এক দিনের মধ্যে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক হয়রানিমূলক মামলা করেছে। প্রতিটি মামলায় তাঁর পক্ষে রায় দিয়েছেন আদালত।
গতকাল বিকেলে মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
প্যানেল মেয়র আরশেদ আলী বলেন, পৌরসভার নকশা অনুযায়ীই হামিদুর রশিদ তাঁর জায়গায় ভবন নির্মাণ করছেন। ভুলক্রমে ভবন নির্মাণকারীকে নোটিশ দেওয়া হয়েছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞার প্রতি সবার সম্মান দেখানো উচিত।