বাঁকখালী নদীর তীরে তামাকের 'বিষতলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামু উপজেলার মুশকুম এলাকায় বাঁকখালী নদীর তীর দখল করে তৈরি হচ্ছে তামাকের বীজতলা l প্রথম আলো
রামু উপজেলার মুশকুম এলাকায় বাঁকখালী নদীর তীর দখল করে তৈরি হচ্ছে তামাকের বীজতলা l প্রথম আলো

কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীর তীর দখল করে তৈরি হচ্ছে তামাক চাষের বীজতলা। স্থানীয় লোকজন ব্যঙ্গ করে এই বীজতলাকে বলছেন ‘বিষতলা’।
ফসল উৎপাদনের জমিতে বীজতলা তৈরি হলেও প্রশাসনের এ ব্যাপারে কোনো তৎপরতা নেই। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে বীজতলায় উৎপাদিত চারা দিয়ে রামু, চকরিয়া, পেকুয়া এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তত ১৫ হাজার একর জমিতে তামাকের চাষ হবে।
গতকাল বৃহস্পতিবার ও ২৮ সেপ্টেম্বর বাঁকখালী নদীর কচ্ছপিয়া, মুশকুম, ফতেখাঁরকুল, জোয়ারিয়ানালাসহ অন্তত ১২টি পয়েন্ট ঘুরে দেখা গেছে, নদীর তীরের বিপুল পরিমাণ সরকারি খাসজমি দখল করে সেখানে তামাকচারা তৈরির বীজতলা হচ্ছে।
মুশকুম এলাকার চাষি মমতাজুল ইসলাম (৫৫) বলেন, ‘আগে এই জমিতে মুলা, বেগুন, মরিচ ও ঢ্যাঁড়সের চাষ হতো। এবার তামাক কোম্পানির লোকজন এসে নগদ টাকা ও বীজ দিয়ে গেছে। গরিব মানুষ, বেশি লাভের আশায় তামাক চাষে নেমে পড়েছি।’
কচ্ছপিয়ার চাষি গোলাম হোসেন (৩৬) বলেন, নদীর তীরের মাটি উর্বর, তামাকের বীজতলা ভালো হয়। কোম্পানির লোকজন ভূমি অফিসের কর্মচারীদের ম্যানেজ করে নদীর তীরে বীজতলা তৈরি করছেন।
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, অন্যান্য মৌসুমের তুলনায় এবারও ব্যাপক আকারে ফসলি জমিতে তামাক চাষের প্রস্তুতি চলছে। এখন থেকে প্রশাসন তৎপর না হলে ফসল উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাবে।
ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ বলেন, সরকার তামাক চাষ নিরুৎসাহিত করার জন্য চাষিদের নিয়ে নানা কর্মসূচি চালু করলেও এখানে তার বাস্তবায়ন হচ্ছে না। এ কারণে তামাক চাষ আশঙ্কাজনক হারে বাড়ছে। তামাক চাষ নিয়ন্ত্রণ করা না গেলে আগামী কয়েক বছরে এখানে ফসল উৎপাদনের কোনো জমি পাওয়া যাবে না।
রামু উপজেলা কৃষি কর্মকর্তা আল-আমিন বলেন, বাঁকখালী নদীর তীরে তামাকের বীজতলা তৈরির খবর তাঁর জানা নেই। তবে তামাক চাষে নিরুৎসাহিত করতে তিনি চাষিদের নিয়ে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম বলেন, বিষাক্ত তামাক চাষ কিংবা বীজতলা তৈরির জন্য নদীর তীর বা তলদেশ কাউকে ইজারা দেওয়া হয়নি। সহসা নদীর তীর থেকে তামাকের বীজতলা উচ্ছেদ করা হবে।