বাঁধ কেটে নদীতে ট্রাক্টরের রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে ট্রাক্টর চলাচলের রাস্তা করা হয়েছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে ট্রাক্টর চলাচলের রাস্তা করা হয়েছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে রাস্তা করা হয়েছে। সেই রাস্তা দিয়ে নদীতে ট্রাক্টর চলাচল করছে। অবাধে কেটে নেওয়া হচ্ছে বালু। জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ ইসলাম ওরফে বিটু এই কাজ করেছেন।
স্থানীয় লোকজন বলেন, আক্কেলপুর পৌর সদরের মানিকপাড়া মহল্লার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ ইসলাম প্রায় এক সপ্তাহ আগে শ্রমিক দিয়ে তুলসীগঙ্গা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে ট্রাক্টর চলাচলের রাস্তা করেন। এরপর থেকে তিনি বাঁধের নিচ থেকে বালু কেটে নিচ্ছেন। সেখানে প্রতিদিন ৩০-৪০টি ট্রাক্টর গিয়ে বালু আনছে। নদীর বাঁধ ঘেঁষে গভীর করে গর্ত করে বালু তোলার কারণে বর্ষা মৌসুমে বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
সোনামুখী মহল্লার ১০-১২ জন জানান, দিনদুপুরে প্রকাশ্যে বাঁধ কেটে রাস্তা করলেও কেউ তাতে বাধা দেননি। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি।
গত বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে রাস্তা করা হয়েছে। ওই রাস্তা দিয়ে ট্রাক্টরগুলো নদীতে ঢুকছে। বাঁধের নিচেই শ্রমিকেরা গভীর করে খুঁড়ে বালু কাটার কাজ করছিলেন। সেখানে বায়জিদ ইসলামকে ট্রাক্টরগুলোর তদারকি করতে দেখা যায়। বালু কাটায় নিয়োজিত শ্রমিকেরা বলেন, বায়জিদ নদীর বাঁধ কেটে রাস্তা করেছেন। নদীর বালুও তিনিই তুলে বিক্রি করছেন।
বায়জিদ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হয়েছি। নির্বাচনে আমার প্রচুর টাকা নষ্ট হয়েছে। তাই নির্বাচনের খরচা পুষিয়ে নিতে নদীর বালু কেটে বিক্রি করছি। বালু কাটা শেষ হলে বাঁধের রাস্তা মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, বায়জিদ সদ্যসমাপ্ত আক্কেলপুর পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
আক্কেলপুরের ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘তুলসীগঙ্গা নদীর বাঁধ কেটে রাস্তা করার ও নদীপাড়ে বালু কেটে নেওয়ার ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’