বাঁধ দিয়ে মেনিখালী নদীর জায়গা দখল
জাহাজ নির্মাণকারী একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচরে মেনিখালী নদীতে বাঁধ দিয়ে বালু ভরাট করে সরকারি জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আষাঢ়িয়ারচর গ্রামে সরকারের ১ নম্বর খাস খতিয়ানের ১১ দশমিক ৭০ একর অকৃষি জমি ইজারা নেয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আনন্দ এল ডোরাডো লিমিটেড। কিন্তু জেলা প্রশাসকের কোনো অনুমতি না নিয়েই ইজারার শর্তাবলি ভঙ্গ করে প্রতিষ্ঠানটি ভূমির শ্রেণি পরিবর্তন করে। ১৫ দিন ধরে মেনিখালী নদীতে বাঁধ দিয়ে বালু ভরাট করে।
৯ মার্চ আনন্দ গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ হেল বারী ও ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী বরাবর কারণ দর্শানোর নোটিশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া উল্লেখ করেছেন, ‘আপনারা (আনন্দ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক) সরকারি সম্পত্তি ইজারা নিয়ে চুক্তিপত্রের ৫ নম্বর শর্ত ভঙ্গ করে নদীর তীরে অবৈধভাবে বাঁধ নির্মাণ ও মাটি ভরাট করে আসছেন। এ ঘটনায় গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় হোসেনপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা লিখিতভাবে আপনাদের নদী দখল করে বালু ভরাটের এই কাজ বন্ধ রাখার নোটিশ দেন। গত ৬ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে দেখতে পান, আপনারা বালু ভরাটের কাজ অব্যাহত রেখেছেন। এ অবস্থায় শর্ত ভঙ্গের দায়ে আপনাদের ইজারা কেন বাতিল করা হবে না? এ বিষয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলো।’
এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গত রোববার আনন্দ গ্রুপের বিরুদ্ধে ইজারার শর্ত ভঙ্গ, নদীর গতিপথ পরিবর্তন করে বাঁধ নির্মাণসহ সরকারি সম্পত্তি দখলের অভিযোগ এনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর চিঠি দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়া গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সত্যতা প্রথম আলোর কাছে নিশ্চিত করেন।
জানতে চাইলে আনন্দ গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (আহরণ) হাসিবুর রহমান বলেন, ‘আমরা নদীর জায়গা দখল করিনি। আমাদের ইজারাকৃত জায়গা ভরাটকাজ শুরু করেছিলাম। প্রশাসনের নির্দেশে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।’
ইউএনও আবু নাছের ভূঁঞা বলেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ভূমির শ্রেণি পরিবর্তনসহ এভাবে নদী থেকে অবৈধভাবে মাটি কেটে ভূমি ভরাট করার কোনো সুযোগ নেই। ইজারা বাতিল করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।