হাওরে বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতি, অনিয়ম ও অবহেলা ছিল। তবে এ কারণে হাওরে পানি ঢুকে ফসল নষ্ট হয়নি। অতিবৃষ্টির কারণেই বাঁধ উপচে হাওরে পানি ঢুকেছিল।
হাওরের বাঁধ ভেঙে ফসল প্লাবিত হওয়ার ঘটনায় পানিসম্পদ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটির এই প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, কাজ নিয়ে বারবার ব্যর্থ হওয়া ঠিকাদারদের পাউবো নিয়মিতভাবে বাঁধ মেরামতের কাজ দিয়েছে। নামে-বেনামে চেনামুখের ঠিকাদারেরাই কাজ পেয়েছেন এবং তাঁরা মাঠপর্যায়ে কাজে গাফিলতি করেছেন।
তদন্ত কমিটি বলেছে, কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় বাঁধের বিভিন্ন স্থান মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছিল। স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধিদের নেতৃত্বে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) কাবিটা বাস্তবায়নের দায়িত্বে ছিল। প্রায় সব স্থানে ওই কমিটি সঠিকভাবে কাজ করেনি। প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সাংসদ ও চেয়ারম্যানরা নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটিতে তাঁদের প্রতিনিধি দেননি। ফলে বাঁধের কাজ শুরু হতে দেরি হয়েছে। অনেক স্থানে বেনামে পাউবোর প্রকৌশলী বাঁধ মেরামতের কাজ করেছেন।
জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনে আমরা বাঁধ নির্মাণে অনিয়মের জন্য পাউবোর যেসব প্রকৌশলী ও কর্মকর্তার ভূমিকা পেয়েছি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি। এর মধ্যে তিন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য আরও শক্ত প্রমাণ দরকার।’
মোহাম্মদ আলী আরও বলেন, ‘মাঠপর্যায়ের বেশ কয়েকজনের বিরুদ্ধেও আমরা অভিযোগ পেয়েছি। তাঁদের বিরুদ্ধে আরও তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
গতকাল প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাওরে বাঁধ মেরামতের জন্য পুরোনো বাঁধ থেকে মাটি কেটে নতুন বাঁধের উচ্চতা বাড়ানো হয়েছিল। বাঁধে ব্যবহৃত মাটিতে কমপক্ষে ৩০ শতাংশ কাদামাটি থাকার নিয়ম রয়েছে। কিন্তু অনেক স্থানে পুরোটাই বালু দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে।
বাঁধ মেরামতে এত সব দুর্নীতি ও অনিয়মের কথা থাকলেও প্রতিবেদনে হাওরে ফসলডুবির জন্য অতিরিক্ত বৃষ্টিপাতকে দায়ী করা হয়েছে। এ বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন তৈরি করে তা ওয়েবসাইটে প্রকাশ করাটা ইতিবাচক দিক। তবে প্রতিবেদনে বাঁধ উপচে হাওরে পানি প্রবেশ করেছে বলে যে তথ্যের উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়। প্রতিবেদনে বিভিন্ন নদীতে পানি বৃদ্ধির তথ্য দিয়ে বাঁধ ভাঙার যে তথ্যের উল্লেখ করা হয়েছে, তাতে গোঁজামিল রয়েছে। প্রতিবেদন তৈরিতে কারিগরি লোকদের সহায়তা না নেওয়ায় এমনটা হয়েছে বলে আইনুন নিশাত মনে করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, হাওরের আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন উন্নয়নসংক্রান্ত একটি প্রকল্প চলমান আছে। ৭০৪ কোটি টাকার ওই প্রকল্পটি ২০১১-১২ অর্থবছর থেকে শুরু হয়েছে। ২০১৭ সালের এপ্রিলের মধ্যে ওই প্রকল্পের মাত্র ২৬ শতাংশ শেষ হয়েছে, যা প্রত্যাশিত নয়।
প্রতিবেদন সম্পর্কে হাওর অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সদস্যসচিব আনিসুল ইসলাম প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টির কারণে বাঁধ উপচে পানি ঢুকেছে বলে যে কথা বলা হয়েছে, তা একেবারে মিথ্যা। কেননা, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ৫ এপ্রিল আর বেশির ভাগ স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকেছে ২৪ থেকে ২৫ মার্চ। তাঁর মতে, এই প্রতিবেদনে ঠিকাদারদের কৌশলে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। ফলে আরও অধিকতর ও নিরপেক্ষ তদন্ত দরকার।
এ বিষয়ে জানতে চাইলে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমরা স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে কাজ করতে চাই। এ কারণে প্রতিবেদনটি আমাদের ওয়েবসাইটে তুলে দিয়েছি। আমরা চাই এ নিয়ে আলোচনা হোক। বাঁধ নির্মাণে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা আমরা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছি। তবে এর সঙ্গে হাওরের ফসলডুবির সম্পর্ক নাই। মূলত অতিবৃষ্টির কারণেই হাওরে পানি ঢুকেছে।’