বাঁধ নির্মাণে অনিয়ম স্বীকার পাউবো কর্মকর্তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওর অঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হয়েছে বলে স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তাঁরা এ কথা স্বীকার করেছেন বলে জানান সংস্থাটির মহাপরিচালক মুনীর চৌধুরী।

পাউবোর মহাপরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক আবদুল হাই বাকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান, প্রধান প্রকৌশলী আবদুল হাই, অতিরিক্ত প্রধান প্রকৌশলী নূরুল ইসলাম ও সুনামগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান। দুদকের পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে একটি অনুসন্ধান দল তাঁদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় এই সাত কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

দুদকের মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, ‘হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের বিষয়টি অনুসন্ধান পর্যায়ে রয়েছে। তবে বাস্তবতা উদ্‌ঘাটন করতে সক্ষম হয়েছি যে, বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকাজে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ছিল। তারা এই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ডিজি থেকে শুরু করে প্রায় সবাই স্বীকার করেছেন, পানিতে বাঁধ ডুবে গিয়েছে এবং ডুবে যাওয়ার কারণে বাঁধগুলো তাঁরা তখনই মেজারমেন্ট করতে পারেননি ফিজিক্যালি। এভাবেই চলে আসছে।’