বাঁধে আশ্রিতদের ক্ষতিপূরণ না দিয়েই উচ্ছেদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত পরিবারগুলোকে ক্ষতিপূরণ না দিয়ে উচ্ছেদ করা হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এসব পরিবার উচ্ছেদ অভিযানের কবলে পড়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

বগুড়ার পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব বলেন, ‘বাঁধে আশ্রিত লোকজনকে টাকা দিয়ে জমি কিনে ঘর তুলতে হয়েছে, এ ধরনের ঘটনা আমার জানা নেই। বাঁধ থেকে বাড়িঘর সরিয়ে নেওয়ার জন্য অনেক আগেই তাদের নোটিশ করা হয়েছে। আমরা ইচ্ছা করে তাদের সরে যেতে বলছি না। বাঁধ মেরামতের স্বার্থে সরকারি নির্দেশে তাদের ঘরবাড়ি সরিয়ে নিতে বলা হয়েছে। কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই।’

বগুড়া পাউবো সূত্র জানায়, যমুনা নদীর ভাঙনরোধে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মধ্য দিয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। যমুনার ভাঙনের কবলে পড়ে বিভিন্ন গ্রামের লোকজন বসতভিটা হারিয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে আশ্রয় নেয়। সেই সময় তারা বাঁধের পাশের জমির মালিকদের কাছ থেকে ২০০ টাকা হাত জমি কিনে প্রায় ১২ বছর ধরে ঘরবাড়ি করে বসবাস করছে। প্রতিবছর দফায় দফায় ভাঙনে বাঁধের বিভিন্ন স্থান ভেঙে যমুনায় বিলীন হয়েছে। শহড়াবাড়ী গ্রামের কাছে প্রায় ৬০০ মিটার বাঁধ এখনো অবশিষ্ট রয়েছে। সেই বাঁধের দুই পাশে প্রায় ৭০টি পরিবার বসবাস করছে। এ অবস্থায় বগুড়া পাউবো যমুনার ভাঙনরোধে এ বছর সেই বাঁধ মেরামতের কাজ করছে। বগুড়ার ঠিকাদার এ কে এম বজলার রহমানকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, পাউবোর কর্মকর্তাদের নির্দেশে ঠিকাদার বিনা নোটিশে বাঁধে আশ্রিত ব্যক্তিদের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করা হচ্ছে। এ ছাড়া অন্য স্থান থেকে মাটি এনে বাঁধের কাজ করার কথা। কিন্তু তারা তা না করে তাদের ঘরভিটার মাটি নিয়ে বাঁধ মেরামতের কাজ করছে। ফলে এসব পরিবার ঘরবাড়ি হারিয়ে কয়েক দিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছে।

বাঁধে আশ্রিত নুর মোহাম্মদ (৬০) বলেন, ‘তিনবার নদী ভাইঙ্গা এহেনকার জমিনের মালিকগোর থাইকা ২০০ টেহা হাত কিনা ১২ বছর ধইরা ঘরবাড়ি কইরা আছি। এহোন ঠিকাদার আর হরকারি লোক আইসা আমাইগরে গরবাড়ি ভাইঙ্গা দিতেছে। একটো টেহাও কেউ দিল না। এহোন আমগো কী হইব। পেটের ভাত যোগে না। জায়গা পামু কই। গরিবগোর কতা কেউলি হুনে না।’

আসাদুল হক (৫৫) বলেন, ‘আগে কইলে আমরা দেইখা-হুইনা হইরা যাইতাম। এহোন হঠাৎ হইরা কনহানে যামু। টেহা দেব কেরা। জায়গা পামু কই। এহোন এহেনেই খোলা আছমানের নিছে থাইকা যামু। কান্নাকাটি হইরা তাগরে কাছে টেহাপয়সা চাইলাম। দিলে হয়তো অন্য কোনোহানে চইলা যাইবানছে। প্যাটে পাতর বাইন্দা এহেনে আর কইদিন থাকবানছে।’

ঠিকাদার এ কে এম বজলার রহমান বলেন, ‘বাঁধ মেরামতের জন্য পাউবোর নির্দেশ অনুযায়ী কাজ করা হচ্ছে। বর্ষার আগে কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। তাই তাদের সময় দেওয়ার মতো কোনো সুযোগ নেই। তারা কাদের টাকা দিয়েছে, তা আমার জানা নেই। তারা কাউকে টাকা দিয়ে থাকলে, তাদের কাছ থেকে তুলে নেবে।’

ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম বলেন, ‘বাঁধের পাশের জমির মালিকদের টাকা দিয়ে সবাইকে ঘর তুলতে হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে পাউবোর কর্মকর্তাদের এসব গৃহহারা লোকজনকে ক্ষতিপূরণ দিতে অনুরোধ করেছি। কিন্তু এখনো কাউকে কিছুই দেওয়া হয়নি।’