বাঁধের পাশ থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন লঙ্ঘন করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় তিস্তা নদীর প্রতিরক্ষা বাঁধের খুব কাছ থেকে বালু ও মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। দুই মাস ধরে ওই এলাকার এক বালু ব্যবসায়ী এ অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারার খ উপধারায় উল্লেখ করা হয়েছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্য থেকে বালু ও মাটি তোলা যাবে না। কিন্তু এই আইন লঙ্ঘন করে মহিপুর এলাকার বালু ব্যবসায়ী সামসুর রহমান প্রতিরক্ষা বাঁধের ১০০ গজের মধ্য থেকে শ্রমিক নিয়োগ করে বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছেন।
গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, মহিপুর এলাকার তিস্তা নদী প্রতিরক্ষা বাঁধের পাশ থেকে বালু ও মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দুই মাস ধরে ওই স্থান থেকে বালু ও মাটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগেও গত বছর এ সময় নদীর পানি কমে যাওয়ার পর এই স্থান ও এর আশপাশের কিছু এলাকা থেকে এভাবে বালু ও মাটি কেটে বিক্রি করা হয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, বালু ব্যবসায়ী সামসুর রহমান প্রতিদিন আনুমানিক ৪০ ট্রলিতে মাটি ও বালু বিভিন্ন স্থানে সরবরাহ করেন। ওই এলাকার বাঁধের পাশের কয়েক জনের সঙ্গে কথা হলে তাঁরা জানান, এভাবে বালু তোলা ও মাটি কাটার কারণে বাঁধ হুমকিতে পড়ে।
বালু ব্যবসায়ী সামসুর রহমান বলেন, এসব এলাকায় বিভিন্ন মানুষের জমি আছে, যা নদীভাঙনে বিলীন হয়ে গেছে। তাই এখান থেকে মাটি কেটে ও বালু তুলে ব্যবসা করছি।’
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সাল হাসান বলেন, ‘বিষয়টি আমি জানি। কিন্তু এখানে আমার কোনো করণীয় নেই।’
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বলেন, কিছুদিন আগে এখানে গিয়ে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। শিগগিরই আবারও ওই স্থানে অভিযান চালানো হবে।