বাঁধের পাশ থেকে মাটি কাটা বন্ধ ৫০ হাজার টাকা জরিমানা
অবশেষে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশ থেকে মাটি কাটা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন।
এ ব্যাপারে ইউএনও এ কে এম তাজকির উজ-জামান বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে তিনি অভিযোগের সত্যতা পান। ঘটনাস্থল থেকে মাটিভর্তি একটি ট্রাকসহ এর চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে।
তবে মূল অপরাধীদের পাওয়া যায়নি। বাঁধের পাশ থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিয়ে দিলে ট্রাক ও এর চালক-সহযোগীকে ছেড়ে দেওয়া হবে।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ছবিসহ ‘মাটি বিক্রি, ঝুঁকিতে বাঁধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে স্থানীয় ঠিকাদার আল আমিন ও রাজ্জাক আত্রাই নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশ থেকে
মাটি কেটে বিক্রির ব্যবসা করে আসছেন। এতে নদের তীরবর্তী মানুষ বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়াসহ বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।