বাঁধের পাশ থেকে মাটি বিক্রি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় স্থানীয় একটি চক্র আত্রাই নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশ থেকে মাটি কেটে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকার অনেক বাসিন্দা অভিযোগ করেন, চক্রটির নেতৃত্ব দিচ্ছেন মহাদেবপুর উপজেলা যুবলীগের সদস্য মাসুদ রানা। তাঁর সঙ্গে আছেন ঠিকাদার আল-আমিন, এরশাদ ও রাজ্জাক। তাঁরা প্রশাসনের অনুমতি ছাড়াই জমির মালিকদের কাছ থেকে প্রতি বিঘার মাটি ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকায় কিনে নেন। এরপর মাটি কেটে বিক্রি করেন। গত বছর বাঁধের পাশ থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আল আমিন ও রাজ্জাককে আর্থিক জরিমানা করেন।
গত ৩১ ডিসেম্বর সরেজমিনে দেখা যায়, উপজেলার খাজুর ইউনিয়নের সাহাজাদপুর, সালতাপুর ও উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় আত্রাই নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধ থেকে মাটি কাটা হচ্ছে। নদের পশ্চিম তীরে মহাদেবপুর-ছাতড়া বাঁধের (রাস্তা হিসেবে ব্যবহৃত) সাহাজাদপুর ও সালতাপুর এলাকায় খননযন্ত্র দিয়ে মাটি কেটে ট্রাক্টরে তোলা হচ্ছে। নদের পূর্ব পাশে শিবগঞ্জ এলাকার বাঁধের পাশ থেকেও শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি কেটে ট্রাক্টরে তুলছেন।
সেখানে কথা হয় শ্রমিক কাদের, জুয়েল ও মাইনুলের সঙ্গে। তাঁরা বলেন, দুই মাস ধরে এই বাঁধ এলাকায় মাটি কাটছেন তাঁরা। সাহাজাদপুর গ্রামের এরশাদ, রাজ্জাক ও আল আমিনের নির্দেশে তাঁরা মাটি কাটেন। এই মাটি বিভিন্ন ইটভাটায় নেওয়া হয়। এ ছাড়া অনেক লোক বসতবাড়ি ও রাস্তার কাজে ব্যবহারের জন্য এখান থেকে মাটি কিনে নিয়ে যান।
আনোয়ার, মানিক, সোহেল রানা, বদিউলসহ সাত-আটজন স্থানীয় বাসিন্দা বলেন, প্রায় প্রতিবছর ভারত থেকে আসা উজানের পানি ও বৃষ্টির কারণে আত্রাই নদের পানি বাঁধ উপচে পড়ার উপক্রম হয়। বাঁধের পাশ থেকে খাড়াভাবে মাটি কেটে নেওয়ায় প্রতিবছরই বাঁধসংলগ্ন পাড়ের মাটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এখন যেভাবে মাটি কাটা হচ্ছে, তাতে নদের দুই পাশের রাস্তা হিসেবে ব্যবহৃত বাঁধ ভেঙে যেতে পারে। আর বাঁধ ভেঙে গেলে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি আশপাশের এলাকার কৃষিজমিও তলিয়ে যাবে।
যেখান থেকে মাটি কাটা হচ্ছে, তার প্রায় ১০০ গজ দূরে সাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপেন চন্দ্র মণ্ডল বলেন, যেভাবে মাটি কাটা হচ্ছে, তাতে আগামী বর্ষায় নদ ভরে গেলে স্কুলের মাঠ ও ভবন ঝুঁকির মুখে পড়বে। এ ছাড়া বাঁধটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মুঠোফোনে এরশাদ বলেন, ‘সালতাপুর ও সাহাজাদপুর এলাকায় মাটি কাটার ইজারাদার মাসুদ রানা। পরে আমি (এরশাদ), আল আমিন ও রাজ্জাক তাঁর কাছ থেকে সাব-লিজ নিয়েছি। এখান থেকে মাটি কেটে আমরা বিক্রি করি।’
যুবলীগ নেতা মাসুদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাটি বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে কোনো অনুমোদন নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দেন।
পাউবোর নওগাঁ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘আমার জানামতে, আত্রাই নদে মাটি কাটার জন্য কাউকে ইজারা দেওয়া হইনি। ওই নদের বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশ থেকে গত বছর মাটি কাটার দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়েছিল। নতুন করে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’