বাঁধের পাশের গাছ লোপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে শ্রী নদীর তীরে বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে লাগানো গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে শ্রী নদীর তীরে কাশিমপুর থেকে আগরহাটি পর্যন্ত তিন কিলোমিটার বাঁধের পাশে বন বিভাগের উদ্যোগে ১৯৯৫ সালে সম্প্রসারিত সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় তিন হাজার বাবলাগাছ লাগানো হয়। নিয়ম অনুযায়ী ১০ বছর পর গাছ বিক্রির টাকার ২০ শতাংশ পাবে পানি উন্নয়ন বোর্ড, উপকারভোগী সমিতির সদস্যরা ৫৫ শতাংশ, ইউনিয়ন পরিষদ পাঁচ শতাংশ, বন বিভাগ ১০ শতাংশ, সমিতির সদস্যরা বাগান কেটে নতুন করে গাছ লাগানোর জন্য পাবেন আরও ১০ শতাংশ।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বাঁধের ওপর এখন অবশিষ্ট আছে প্রায় ৩০০ গাছ। স্থানীয় কয়েকজন বলেন, বাঁধের দুপাশে অনেক গাছ ছিল।
কাশিমপুর বাঁধের পাশে বসবাস করা গৃহবধূ রনজিদা বেগম বলেন, দুই বছর আগেও বাঁধটি বাবলাগাছে ঠাসা ছিল। ভরতভায়না গ্রামের আমির আলী বলেন, সংঘবদ্ধ চোরেরা দিনে দিনে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এই প্রকল্পের অন্যতম উপকারভোগী তপন বিশ্বাস বলেন, কয়েক হাজার গাছের মধ্যে এখন দুই শ থেকে আড়াই শ গাছ আছে। তবে কে বা কারা গাছ কাটছে, তা তিনি ভয়ে বলতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক স্কুলশিক্ষকসহ কয়েকজন বলেন, ভরতভায়না ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মোড়ল ও তাঁর কয়েকজন সহযোগী গাছ কাটার সঙ্গে জড়িত।
গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান বলেন, তাঁর সময়ে এখানে গাছ লাগানো হয়। এখন বাঁধের ওপরে গেলে খারাপ লাগে। সবুজ বনানি এখন শেষ হতে চলেছে। তিনি অভিযোগ করেন, ইদ্রিস আলী মোড়ল ও তাঁর কয়েকজন সহযোগী গাছ কাটার সঙ্গে জড়িত। এ অভিযোগ অস্বীকার করে ইদ্রিস আলী মোড়ল বলেন, ‘আমি রাজনীতি করি। আমার ভাবমূর্তি নষ্ট করতে কোনো মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ তিনি গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।
এলাকাবাসীর কয়েকজন জানান, মাস তিনেক আগে গাছ চুরি করে কেটে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী খবর দিলে পুলিশ কাঠবোঝাই একটি নছিমন জব্দ করে। ভেরচী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক জাকির হোসেন বলেন, ‘চলতি বছরের আগস্টে আমরা কাঠবোঝাই একটি নছিমন জব্দ করে কেশবপুর থানায় জমা দিই। ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।’ কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বলেন, জব্দ করা কাঠ ও নছিমন থানায় রয়েছে। বন বিভাগ থেকে মামলা করেনি বলে এ ঘটনায় মামলা হয়নি।
কেশবপুর বন বিভাগের ফরেস্টার হাবিবুজ্জামান বলেন, ১৯৯৫ সালে লাগানো এই গাছগুলো নষ্ট ঘোষণা করা হয়েছে। গাছগুলো উপকারভোগী সমিতির লোকদের দেখাশোনা করতে হবে। গাছ কাটার বিষয়টি জানা নেই বলে মামলা করা হয়নি। গতকাল রোববার তিনি বলেন, বর্তমানে বাঁধের পাশে দুই শ থেকে আড়াই শ গাছ আছে।
যশোর বিভাগীয় বন কর্মকর্তা মঈন উদ্দীন খান বলেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।