বাঁধের ব্লক নির্মাণের কাজ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী বাজারে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ব্লক নির্মাণের কাজ নিয়ে গতকাল শনিবার দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় বরগুনা ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ছোটবগী বাজারসংলগ্ন পায়রা নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও ব্লক নির্মাণ করছে ‘এমবিইএল’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব ব্লকে নম্বর দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মাসিক চুক্তিতে জাকির হোসেন ও জাহাঙ্গীর হাওলাদার নামে স্থানীয় দুই ব্যক্তিকে কাজ দেয়। দুই বছর ধরে তাঁরা এই কাজ করে আসছেন।
কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই চুক্তি ভঙ্গ করে এ বছর ছোটবগী বাজারের আলমগীর শিকদারের নামে অন্য এক ব্যক্তিকে সেই কাজ দেয়। গতকাল শনিবার সকালে আলমগীর শিকদার ওই কাজ শুরু করলে জাহাঙ্গীর হাওলাদার এতে বাধা দেন। এ সময় তাঁর (জাহাঙ্গীর) ও এমবিইএলের সুপারভাইজার কাওসার হোসেনের সঙ্গে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলমগীর শিকদার ও তাঁর চাচা নুরু শিকদার জাহাঙ্গীর হাওলাদারকে মারধর করেন।
খবর পেয়ে জাহাঙ্গীরের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। দুপুর ১২টার দিকে তালতলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের মধ্যে নুরুল ইসলাম (৫০), সুলতান বয়াতি (৫২), হারুন অর রশিদ (৫৫), রুবেল (১৯), মনির হোসেন (৪৮), জলিল পেয়াদা (২৬), রফিকুল ইসলাম (২৫), কামাল হোসেন (৩০), মিরাজ মিয়া (২৭), ফয়সাল (২০) ও নুরু শিকদারকে (৫০) বরগুনা সদর ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী জাহাঙ্গীর হাওলাদার বলেন, ‘দুই বছর ধরে এমবিইএলের সঙ্গে চুক্তি করে ব্লকে নম্বর দেওয়ার কাজ করে আসছি। এ বছর কাজের শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী জসিম উদ্দিন চুক্তি ভঙ্গ করে আলমগীর শিকদারকে কাজ দেন। এ বিষয়টি নিয়ে এমবিইএলের সুপারভাইজার কাওসারের সঙ্গে কথা বলার একপর্যায় আলমগীর ও তাঁর চাচা নুরু শিকদার আমাকে মারধর করেন।’
এমবিইএলের প্রকৌশলী জসিম উদ্দিন চুক্তি ভঙ্গের কথা অস্বীকার করে বলেন, ‘পুরোনো লোক বাদ দিয়ে নতুন লোক নিয়োগ দিয়েছি। নতুন লোক কাজ শুরু করলে পুরোনো লোক জাহাঙ্গীরের সঙ্গে এ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছে।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।