বাঁশবাগানে পড়েছিল লাশ...

নওগাঁর বদলগাছি উপজেলার দোনইল গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে দোনইল গ্রামের মধুপুরের বাঁশবাগানে লাশটি পাওয়া গেছে। হত্যার কারণ এখনো জানতে পারেনি পুলিশ।
নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৩৫)। তিনি দোনইল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষিশ্রমিক ছিলেন।
নিহত ব্যক্তির পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, আবদুল খালেক গতকাল রাত দশটার দিকে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। আজ মঙ্গলবার সকালে দোনইল মধুপুরের বাঁশবাগানে কাজ করতে গিয়ে আবদুল খালেকের গলাকাটা লাশ দেখতে পান কৃষিশ্রমিকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
বদলগাছি থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা আবদুল খালেককে মাথায় আঘাত করে ও গলা কেটে হত্যা করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে ও কারা তাঁকে হত্যা করেছে, তা জানা যায়নি। এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।