বাঁশখালী থেকে ১২ জন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে চট্টগ্রামের বাঁশখালী থেকে ১২ জনকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার ছনুয়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। স্থানীয় দালালেরা দেশের বিভিন্ন স্থান থেকে তাঁদের বাঁশখালী নিয়ে আসে বলে পুলিশ জানায়।
তবে দালাল চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার রেজাউল করিম, মো. জাহাঙ্গীর ও এশারব হোসেন, হবিগঞ্জ জেলার সরাফত মিয়া, সোহান মিয়া ও সুমন মিয়া, নরসিংদীর ইয়াহিয়া ও সাদ্দাম হোসেন, কিশোরগঞ্জের হৃদয় ও মো. ইউনুস, নারায়ণগঞ্জের মো. ইউসুফ ও জাবের। তাঁদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে জানান, উদ্ধার করা ব্যক্তিদের ইঞ্জিনচালিত নৌকায় করে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল দালালদের। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছনুয়া এলাকার সৈয়দুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালেরা পালিয়ে যায়।
এ ঘটনায় বাঁশখালীর উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বাদী হয়ে সৈয়দুল আলম ও সাজ্জাদ হোসেনের নাম উল্লেখসহ ২২ জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছেন।