বাঁশখালীতে অস্ত্রসহ ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালী থেকে ডাকাতি মামলার তিন আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে গতকাল শনিবার ভোর পাঁচটা পর্যন্ত পুলিশের অভিযানে তাঁরা গ্রেপ্তার হন।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া তিন ডাকাত হলেন নুর ইসলাম, জাকির হোসেন ও আতাউর রহমান। তাঁদের কাছে তিনটি কার্তুজসহ দুটি বন্দুক, রড এবং মুখোশ পাওয়া গেছে। এ ব্যাপারে বাঁশখালী থানায় প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি মামলা হয়।
পুলিশ জানায়, বাঁশখালীর ইকোপার্ক-সংলগ্ন আদর্শপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। গোপন সূত্রে খবরর পেয়ে পুলিশ রাত আড়াইটায় অভিযান চালিয়ে প্রথমে দুজনকে এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তিন ডাকাতের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা আছে। এর আগে গ্রেপ্তার অন্য এক ডাকাতের দেওয়া জবানবন্দিতেও এই তিনজনের নাম এসেছে।