চট্টগ্রামের বাঁশখালীতে রোববার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার পর গতকাল সোমবার এক পক্ষ সড়ক অবরোধ করে। গতকাল দুপুরে উপজেলার প্রধান সড়কের বৈলছড়ি অংশ আধা ঘণ্টা অবরোধ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কফিল উদ্দিন ও ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দিনের সমর্থকদের মধ্যে গত রোববার রাতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। অবশ্য দুই পক্ষ দাবি করেছে, প্রতিপক্ষের লোকজন তাঁদের কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছে।
নিজেকে বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক দাবি করে জামাল উদ্দিন প্রথম আলোকে জানান, বৈলছড়ি ইউনিয়নের নুইন্যা পুকুরপাড় এলাকায় তাঁর ব্যক্তিগত কার্যালয় রয়েছে। রোববার রাত সাড়ে নয়টার দিকে কফিল উদ্দিনের নেতৃত্বে ১৮-২০ জন যুবক সেখানে হামলা চালান। এতে পাঁচ কর্মী আহত হন। হামলাকারী তাঁর কার্যালয়ও ভাঙচুর করেন।
অবশ্য জামাল উদ্দিনের অভিযোগ অস্বীকার করেছেন কফিল উদ্দিন। তাঁর দাবি, জামাল উদ্দিনের কার্যালয়ে জুয়া ও মদের আসর বসত। এ নিয়ে এলাকার লোকজন দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত ছিলেন। গত রোববার রাতে এলাকার লোকজন কার্যালয়ে গিয়ে এসব কার্যক্রম বন্ধ রাখতে বলেন। এর জের ধরে ওই দিন রাতেই জামালের লোকজন প্রতিবাদকারীদের ঘরে হামলা করে। এর প্রতিবাদে এলাকাবাসী গতকাল দুপুরে বাঁশখালীর প্রধান সড়ক অবরোধ করে রাখেন।
বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, তাস খেলাকে কেন্দ্র করে গত রোববার রাতে বৈলছড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। রাতের ওই ঘটনার জের ধরে গতকাল দুপুরে সড়ক অবরোধ করেন কফিল উদ্দিনের সমর্থকেরা। আধা ঘণ্টা পর অবশ্য তা তুলে নেন তাঁরা।