বাঁশখালীতে এক রাতে ১৬ দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম
চট্টগ্রাম

বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের কাথারিয়া বাজারে এক রাতে ১৬টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাত দুইটার দিকে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানায় বাজার কমিটি। ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা-পুলিশ।

কাথারিয়া বাজার কমিটির সভাপতি আকবর আলী বলেন, ‘কাথারিয়া বাজারে ১২টি, পূর্ব কাথারিয়ার টেক এলাকায় ১টি এবং ডিগ্রি পাড়ায় ৩টিসহ মোট ১৬টি দোকানে চুরি হয়েছে। চুরি যাওয়া দোকানের মধ্যে বেশির ভাগ হচ্ছে মুদির দোকান। বাকি দোকানগুলোর মধ্যে মোবাইলে ইজিলোড, রড-সিমেন্টের দোকান রয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য এরশাদুল হক বলেন, ‘চুরি যাওয়া দোকানগুলোতে তালা ভেঙে এবং গ্রিল কেটে প্রবেশ করে চোরের দল। দোকানের ভেতরে রাখা নগদ টাকা এবং মূল্যবান যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায় তারা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন হীরা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্দেহজনক কয়েকটি বিষয় ধরে তদন্ত করছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি চুরির মামলা করা হবে।’