বাঁশখালীতে গণপিটুনিতে ডাকাত নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের ছোড়া গুলিতে এক গ্রামবাসী আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের লটচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান এলাকায় কালাইয়া ডাকাত নামে পরিচিত। অস্ত্র মামলায় সাজা খেটে কিছুদিন আগে হাবিবুর কারাগার থেকে ছাড়া পায় বলে পুলিশ জানায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে পুকুরিয়া ইউনিয়নের লটচন্দ্রপুর গ্রামের ওজিউল্লাহর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা ১৫ হাজার টাকা ও সোয়া ভরি স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া দেন। একপর্যায়ে তাঁরা কালাইয়া ডাকাতকে ধরে ফেলেন। অন্য ডাকাতেরা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় আবদুর রহমান নামের একজন গ্রামবাসী আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, কালাইয়া ডাকাতকে ধরার পর উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার নামে থানায় মামলা রয়েছে।