বাঁশখালীতে গুলিতে নিহত ১, আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিপক্ষের গুলিতে দিদারুল আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম বাঁশখালী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত দিদারুল পুলিশের তালিকাভুক্ত ডাকাত। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (এএসপি) এমরান ভূঞা প্রথম আলোকে বলেন, দুপুরে বাড়ি থেকে বের হয়ে পাশের পুকুরে গোসল করতে যান দিদারুল। এ সময় পাঁচ থেকে ছয়জন লোক এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দিদারুলকে মৃত ঘোষণা করেন।
এমরান ভূঞা জানান, দিদারুলের বিরুদ্ধে বাঁশখালী থানায় খুন ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আট থেকে নয়টি মামলা আছে। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আনসার বাহিনীর প্রধান আনসারসহ আটজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি গুলি উদ্ধার করা হয়। ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য দিদারুলের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক আনসার ডাকাত দলের সদস্য।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।