বাঁশখালীতে গুলিতে শিবিরের কর্মী আহত
চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ ওয়াজেদ (৩৫) নামের এক যুবক গুলিতে আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার পূর্ব চাম্বল এলাকার গজার হাটে এ ঘটনা ঘটে। ওয়াজেদ শিবিরের কর্মী বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার গত রাতে প্রথম আলোকে বলেন, শিবিরের কর্মী ওয়াজেদের ভাই মো. নাঈমকে ২০১৩ সালে নাশকতার একটি মামলায় আসামি করা হয়। নাঈম এক মাস আগে ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন। তাঁকে নাশকতার মামলার আসামি করায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করে আসছে তাঁর পরিবার। এ ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় গজারহাট এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গুলি ছুড়লে ওয়াজেদ গুলিতে আহত হন। গুলিটি কারা করেছে তা জানা যায়নি।
ওসি বলেন, ছররা গুলিতে ওয়াজেদ পেটে ও ডান হাতে আঘাত পান। আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার মুঠোফোনে অভিযোগ করে বলেন, আহত ওয়াজেদ ও তাঁর ভাই নাঈম শিবিরের কর্মী। তাঁদের এক ভাই আওয়ামী লীগ করেন। রোববার সন্ধ্যায় গজারহাট এলাকায় ওয়াজেদ গুলিতে আহত হওয়ার পর ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে শিবিরের কর্মীরা চাম্বল এলাকায় তাঁর ইলেকট্রনিক্সের দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইফতেখার বাবু বলেন, ওয়াজেদসহ শিবিরের কর্মীরা আওয়ামী লীগের নেতা বাশারের দোকানে ভাঙচুর চালান। খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবিরের কর্মীদের গজারহাট এলাকায় ধাওয়া দিলে শিবিরই গুলি ছুড়ে। ছাত্রলীগের কর্মীরা কাউকে গুলি করেনি।
এ বিষয়ে বক্তব্য জানতে বাঁশখালী উপজেলা শিবিরের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়।