বাঁশখালীতে ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতি, আহত ২

চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের দুই পক্ষে হাতাহাতির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কালিপুর ইউনিয়নের গুনাগরি এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এতে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষের দুই কর্মী আহত হয়েছেন।
বাঁশখালী থেকে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী আবদুল্লাহ কবির লিটন পক্ষের কর্মীরা অভিযোগ করেছেন, সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষের দুই কর্মী প্রথমে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় তাঁদের উদ্দেশ করে গালিগালাজ করেন। পরে মাইকের শব্দ কমানো নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছ, আহত দুই কর্মী হচ্ছেন এস এম ওবায়দুল (২২) ও সাজ্জাদ হোসেন (১৯)। তবে তাঁরা ছাত্রলীগের কোনো পদে নেই।
আবদুল্লাহ কবিরের পক্ষের কর্মী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আরিফুজ্জামান আরিফ প্রথম আলোকে বলেন, ‘গুনাগরি এলাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীরা কেক কাটছিলেন। এ সময় সংসদ সদস্যের পক্ষ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে মাইকিং করা হচ্ছিল। আমাদের কর্মীরা তাঁদের মাইকের শব্দ কমাতে বলেন। এতে তাঁরা গালিগালাজ করতে থাকেন। এতে জুনিয়র কর্মীদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে।’
মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষের কর্মী ও পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানের আয়োজন করেছেন সংসদ সদস্য। এ উপলক্ষে মাইকিং করা হচ্ছিল। গুনাগরি এলাকায় অনাকাঙ্ক্ষিতভাবে হাতাহাতি হয়েছে।’
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরা ইয়াসমিন বলেছেন, আহত ব্যক্তিদের আঘাত গুরুতর নয়।
এ ব্যাপারে বাঁশখালী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, সামান্য বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।