বাঁশখালীতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আটক
চট্টগ্রামের বাঁশখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে বিদ্যালয়ের কক্ষে ওই ঘটনা ঘটে বলে জানা যায়। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
অভিযুক্ত শিক্ষকের নাম ফারুক আজম (৪০)। তিনি উপজেলার গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-১-এর প্রধান শিক্ষক। অভিযোগকারী ছাত্রী ও তার মা প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি বিদ্যালয়ের শিক্ষক কক্ষে যৌন হয়রানির এ ঘটনা ঘটান।
বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষক প্রভাবশালী। তাঁর বিরুদ্ধে প্রায়ই এ ধরনের অভিযোগ পাওয়া যায়। তবে ছাত্রীরা লজ্জায় এসব প্রকাশ করতে চায় না।আগেও তাঁকে অন্য একটি বিদ্যালয় থেকে একই অভিযোগে বদলি করা হয়েছিল।’
অভিযোগকারী ছাত্রীর এক আত্মীয় প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরপর অভিযুক্ত শিক্ষককে চড়-থাপ্পড় দিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে আবদ্ধ করে রাখা হয়েছিল। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বেঁচে নেই।’
গন্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার বাদশা প্রথম আলোকে বলেন, ‘ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও এ রকম অভিযোগ শুনেছিলাম। এখন আবারও ধর্ষণচেষ্টার কথা শুনলাম। এলাকার ক্ষিপ্ত লোকজন তাঁকে বিদ্যালয়ের একটি কক্ষে বেশ কিছুক্ষণ আটকে রেখেছিল।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম মোস্তাক আহমেদ বলেন, ‘অভিযোগটি আমি শুনেছি। তাঁর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি এবং বিদ্যালয়ে ঠিকমতো উপস্থিত না থাকার অভিযোগ জেলা পর্যায়ে তদন্ত হচ্ছে।’
বাঁশখালী থানার উপপরিদর্শক মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ওই ছাত্রী ও তার মায়ের অভিযোগ আপাতত মৌখিকভাবে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ দেওয়ার পর তা মামলা আকারে নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক থানায় আটক আছে।
ঘটনাস্থল পরিদর্শন করা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে এক শিক্ষার্থী।’