বাঁশখালীতে ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের বাঁশখালীতে শাহজাহান মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বৈলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ছোট ভাই বদিউল আলমের গুলিতে শাহজাহানের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করছেন।
তিন ভাইয়ের মধ্যে শাহজাহান মেজো। নিজের জমি চাষ করে সংসার চালাতেন তিনি। তাঁর পাঁচ ছেলেমেয়ে রয়েছে। তিন ভাইয়ের পরিবার একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকে।
নিহত শাহজাহানের বড় ভাই শাহ আলম গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গের সামনে প্রথম আলোকে বলেন, পাঁচ বছর আগে বদিউল আলমের শ্যালকের সঙ্গে তাঁর ছোট বোন নুর নাহারের বিয়ে হয়। বোনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এক মাস আগে বদিউলের শ্যালক আরেকটি বিয়ে করেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গতকাল সকালে বদিউলের সঙ্গে এ নিয়ে শাহজাহানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বদিউল ঘর থেকে বন্দুক এনে বাড়ির উঠানেই শাহজাহানকে গুলি করে পালিয়ে যান।
শাহ আলম বলেন, গতকাল সাতটায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় শাহজাহানকে চমেক হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহ আলম বলেন, বদিউলও কৃষিকাজ করেন। মাঝেমধ্যে অটোরিকশাও চালান। তাঁর কাছে একটি বন্দুক আছে, তা জানতেন তিনি। বন্দুকের লাইসেন্স নেই বলে জানান তিনি।
এই হত্যাকাণ্ডের বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বদিউলকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতি ও মারামারির তিনটি মামলা রয়েছে। নিহত শাহজাহানের বিরুদ্ধেও মারামারির একটি মামলা রয়েছে।